সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনার রেশ না কাটতেই এবার সাগরদিঘির পাড় এলাকায় একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হাউজিং এস্টেটের মতো এখানেও ছিনতাইকারীরা হেলমেট পরে মোটরসাইকেল চালিয়ে আসে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সাগরদিঘির পাড়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটে। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ বৃহস্পতিবার রাত ১২টার পর অনলাইনে ছড়িয়ে পড়ে।
ফুটেজে দেখা যায়, হেঁটে যাওয়া এক নারীকে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে ঘিরে ধরে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা ওই নারীর মোবাইল ফোন, ব্যাগ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা ওই নারীকে দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখালেও তিনি তার সঙ্গে থাকা কিছুই তাদের হাতে দেননি। দিনের বেলা আশপাশে মানুষ চলে আসতে দেখে দ্রুত মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায়।
এদিকে পরপর দুটি ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি আট দিনের ব্যবধানে দুই দফা প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা নিয়েও শঙ্কিত নগরবাসী। যদিও এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। গতকাল শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমায় খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানা ও টয়লেট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
অনুষ্ঠানে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘অল্প কয়েকদিনে সিলেটে দুঃখজনকভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কোনোটি দিনের বেলায়ও ঘটেছে। এ ধরনের ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে বলছি–জনগণের প্রত্যাশার বিপরীতে এ ধরনের ঘটনা রোধে যা যা করা দরকার তা করতে যাতে কোনো বিলম্ব করা না হয়। আমরা এ ধরনের আর একটি ঘটনারও পুনরাবৃত্তি দেখতে চাই না।’
তিনি বলেন, ‘সিলেটকে আমরা শান্তির জনপদে পরিণত করতে চাই। তাই এ ধরনের কোনো ঘটনা আমরা সহ্য করব না। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, যে বা যারাই এ ধরনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’
এদিকে দুটি ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে হাউজিং এস্টেট এলাকার ছিনতাইয়ের ঘটনার পর অপরাধীদের ধরতে সিলেট নগরীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে নম্বরবিহীন মোটরসাইকেল আটক করছে মহানগর পুলিশ। পাশাপাশি বুধবার রাতে নগরীতে মোটরসাইকেল কেনাবেচার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল বিক্রির ক্ষেত্রে বিক্রেতারা অবশ্যই ক্রেতার ড্রাইভিং লাইসেন্স থাকা সাপেক্ষে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্রেতার কাছে হস্তান্তর করবেন। এই নির্দেশনা অমান্য করা হলে ক্রেতা-বিক্রেতা উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সাগরদিঘির পাড়ের ছিনতাইয়ের চেষ্টার ঘটনাটি বৃহস্পতিবার সকাল বেলা ঘটেছে। রাতে ফুটেজ দেখার পর ভোর রাত ৩টার দিকে কোতোয়ালি মডেল থানার ওসি ও পরিদর্শক তদন্তকে ঘটনাস্থলে পাঠানো হয়। এই ঘটনার ভিকটিম নারীর সঙ্গে পুলিশ কথা বলেছে। জনবহুল এলাকা হওয়াতে তার কাছ থেকে কিছুই নিতে পারেনি ছিনতাইকারীরা। আমরা ভিকটিম নারী ও তার পরিবারের সদস্যদের বলেছি মামলা করতে। কিন্তু তারা কিছুতেই মামলা করতে রাজি হচ্ছেন না।’
তিনি আরও বলেন, ‘আমরা ফুটেজ সংগ্রহ করে পুলিশের আইপি ক্যামেরায় দেখেছি। যারা এই ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে তারা কেউই স্থানীয় না। ছিনতাইকারীরা সিলেটের বাইরে থেকে আসছে বলে মনে হচ্ছে। তবে এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতোমধ্যে পুলিশের টহল এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যবস্থা নেওয়া হবে।’