স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'চীন প্রতিদিনই বদলায়, উন্নত থেকে উন্নততর হচ্ছে, আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে'।
শুক্রবার (১২ জুন) দুপুরে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপের যৌথ আয়োজনে ঠাকুরগাঁও জেলার ৬ হাজার ৫শ শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'চীন এখন সবচেয়ে বেশি তাদের জনগণের কল্যাণ করেছে। চীন বিভিন্ন দেশের মত বাংলাদেশকেও উন্নয়নের ক্ষেত্রে সমর্থন দিচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তারা সমর্থন দিচ্ছে।
তিনি আরও বলেন, 'কোনো জাতি কখনও এমনি এমনি উন্নত হতে পারে না, চীন যে উন্নত হয়েছে সেটা নিজের চেষ্টায় হয়েছে। তাদের ছেলে-মেয়েরা লেখাপড়া শিখে আরও বেশি উন্নত হয়েছে'।
মির্জা ফখরুল বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের সাথে কাজ করতে চান, শিশুদের আরও বেশি লেখাপড়া শেখাতে চান এবং শিশুদের উন্নত করতে চান। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকগুলো কাজ হাতে নিয়েছেন'।
নবীন হাসান/থিও