ঢাকার আর্মি স্টেডিয়ামে ২৯ নভেম্বর গাইলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিনোরামের কনসার্টটি আয়োজন করেছিল ট্রিপল টাইম কমিউনিকেশন। কনসার্টের মূল আকর্ষণ ছিলেন আতিফ আসলাম। গানে গানে দর্শক মাতিয়েছেন বাংলাদেশের তাহসান খান, ব্যান্ড কাকতাল এবং পাকিস্তানের আব্দুল হান্নান।
বিকেল ৫টার দিকে বাংলাদেশের ব্যান্ড কাকতালের পরিবেশনা দিয়ে শুরু হয় কনসার্ট। আস্তে আস্তে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে দর্শকে। কাকতালের পরিবেশনা শেষে ৬টা ৫০ মিনিটে মঞ্চে আসেন পাকিস্তানের গায়ক হান্নান। গান গেয়ে দর্শক মাতানোর ফাঁকেই জানিয়ে দিলেন, এটিই তার জীবনে সবচেয়ে বেশি দর্শক নিয়ে করা কোনো শো।
এর পর মঞ্চে আসেন কনসার্টের অন্যতম আকর্ষণ তাহসান। তার গানে পুরো স্টেডিয়ামের দর্শক কণ্ঠ মেলায়। রাত ৮টা ৪০ মিনিটের দিকে মঞ্চে আসেন আতিফ আসলাম। তিনি স্টেজে উঠতেই বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়। কিছুটা বিরতির পর রাত ৯টায় আবারও মঞ্চে আসেন আতিফ। পরিবেশন শুরু করেন ‘জিতনি দোফা’ দিয়ে। আতিফের গানে পুরো স্টেডিয়ামে থাকা দর্শক সমস্বরে গেয়ে ওঠে। একে একে আতিফ গাইলেন ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ ‘দমাদম মাস্ত কালান্দার’ ‘এক পেয়ার কা নাগমা হে’সহ আরও অসংখ্য জনপ্রিয় গান। মঞ্চে দাঁড়িয়ে আতিফ বললেন, ‘বাংলাদেশ আমার সেকেন্ড হোমের মতো। আর আপনারা আমার সবচেয়ে ভালো শ্রোতা। বাংলাদেশ তোমাকে ভালোবাসি’
টানা প্রায় তিন ঘণ্টা পারফর্ম করেন আতিফ আসলাম। গানে গানে মাতিয়ে গেলেন ঢাকার দর্শকদের। দুই দেশের শিল্পীদের এমন একটি আয়োজনে অনেকদিন পর ঢাকার দর্শকরা মুগ্ধ হলেন গানে গানে।
হাসান