বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি নিজের আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত তিনি। সেই ছবিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় হাতে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। এজন্য অস্ত্রোপচার করতে হয়েছে তার।
এদিকে তার বড় ছেলে আরিয়ানের বলিউডের আসন্ন কাজের টিজার প্রকাশ পেয়েছে। এরপর থেকেই চারদিকে চলছে আরিয়ান বন্দনা। পুত্রের আসন্ন ওয়েব সিরিজ় সংক্রান্ত একটি অনুষ্ঠানে ভাঙা হাত নিয়ে হাজির হয়েছিলেন কিং খান। অনুষ্ঠানে এতে পুত্রকে ভালবাসা দেওয়ার অনুরোধ জানালেন তিনি।
পরনে সম্পূর্ণ কালো রঙের প্যান্ট ও ব্লেজ়ার। হাতে আর্ম স্লিং। গত বুধবার আরিয়ানের সিরিজ়ের অনুষ্ঠানে এই বেশেই হাজির হয়ে শাহরুখ বলেন, “একটু বড় রকমের অস্ত্রোপচারই হয়েছে। সেরে উঠতে এক-দুই মাস সময় লাগবে।”
রসিকতা করেই বাদশা বলেন, “এমনিতে আমি অধিকাংশ কাজ তো এক হাতেই করি। এক হাতেই খাই। এক হাতেই দাঁত মাজি। আবার পিছনে চুলকালে, এক হাতেই সেটা মিটিয়ে নিই।”
কিছু দিন আগেই ‘জওয়ান’ ছবির সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। অনুষ্ঠানে এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘‘পুরস্কার তুলতে এক হাতই যথেষ্ট’।
আরিয়ান খান পরিচালিত প্রথম সিরিজের নাম ‘দ্য ব্যাডস অব বলিউড’। সিরিজ়টির প্রযোজনা করেছেন গৌরী খান। টিজার প্রকাশের দিন একই মঞ্চে তাই একসঙ্গে দেখা যায় বাবা-মা ও পুত্র, তিন জনকেই।
/এসএল