বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট ইতোমধ্যে ক্যারিয়ারে বহুমুখী চরিত্রে অভিনয়ের ছাপ রেখেছেন। ‘গালি বয়’-এর রুক্ষ রাস্তা থেকে শুরু করে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর গ্ল্যামার কিংবা ‘গাঙ্গুবাই কাঠাইওয়াড়ি’-এর মতো শক্তিশালী গল্প। আলিয়া তার অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন সব চরিত্রে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের কমেডি সিনেমায় দেখা যায়নি তাকে। তাই এবার প্রথমবারের মতো পারিবারিক কমেডি ঘরানায় অভিনয়ের পরিকল্পনা করছেন তিনি। মেয়ে রাহাকে কেন্দ্র করেই তার এই নতুন ভাবনা, সম্প্রতি এক সাক্ষাৎকারে মহেশ ভাটকন্যা এমনটাই জানিয়েছেন।
গ্রাজিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া জানান, এতদিন তিনি ‘গালি বয়’ থেকে ‘গাঙ্গুবাই কাঠাইওয়াড়ি’ কিংবা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’- বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করেছেন। কিন্তু পরিবারের ছোট সদস্যদের জন্য উপযোগী কোনো ছবি তিনি করেননি। সেই চিন্তা থেকেই তিনি এখন হালকা মেজাজের কমেডি জনরার সিনেমায় হাত দিতে চান। এই জনরায় কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি এমন কোনো ছবি তৈরি করিনি, যা আমার মেয়ে দেখতে পারে। এই ছোট ছোট বিষয়গুলো আমি নিজ থেকেই অনুভব করেছি।’ এ থেকে বোঝা যাচ্ছে, মেয়ে রাহা আলিয়ার ক্যারিয়ারে পছন্দের ওপর একটি বড় প্রভাব ফেলেছে।
অভিনেত্রীর ভাষ্যমতে, ‘জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের সিদ্ধান্ত নেওয়ার ধরন বদলায় এবং অনেক সময় সেসব পছন্দ আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা দ্বারা প্রভাবিত হয়। তাই আমি মনে করি, বাইরের কারও প্রভাবের চেয়ে নিজের অন্তর্দৃষ্টি অনুযায়ী সিদ্ধান্ত নেয়াই শ্রেয়।’
এ ছাড়া নিজের আসন্ন কিছু ছবির কাজ নিয়েও জানান দেন আলিয়া। তবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। যদিও সামনের কাজগুলোতে এ অভিনেত্রী নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করবেন বলে ইঙ্গিত দিয়েছেন। জানা গেছে, বর্তমানে এই বলিউড তারকার হাতে বড় বাজেটের দুটি সিনেমার কাজ রয়েছে।
আলিয়া এখন সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে অভিনয় করছেন। ছবিটিতে আরও আছেন তার স্বামী অভিনেতা রণবীর কাপুর এবং ভিকি কৌশল। পাশাপাশি শিব রাওয়াইল পরিচালিত বহুল আলোচিত অ্যাকশন থ্রিলার ছবি ‘আলফা’-তেও দেখা যাবে তাকে।
/এমএস