বলিউড অভিনেত্রী সোনম কাপুর আবারও মা হতে চলেছেন। আনন্দ আহুজা-সোনম কাপুর দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র পিঙ্কভিলাকে বিষয়টি নিশ্চিত করেছে। এটি এই দম্পতির দ্বিতীয় সন্তান।
এর আগে ২০২২ সালে ২০ আগস্ট প্রথমবার পুত্র সন্তানের জন্ম দেন সোনম। ঘনিষ্ঠ এই সূত্রটি পিঙ্কভিলাকে বলেন, ‘সোনম এখন গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে রয়েছেন। তার মা হতে যাওয়ার খবরে দুই পরিবারেই আনন্দের বন্যা বইছে। খুব শিগগিরই সুখবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তারা।’
ফ্যাশনে নিজের অনন্য স্টাইলের জন্য এই বলিউড তারকা বেশ সুপরিচিত। প্রথমবার গর্ভাবস্থায় চমৎকার ফটোশুট করে মাতৃত্বকালীন ফ্যাশনকে নতুন এক মাত্রা দিয়েছিলেন সোনম। এবারও তার মাতৃত্বকালীন সাজপোশাক কেমন হবে তা দেখার জন্য উদগ্রীব হয়ে আছে তার ভক্ত-অনুরাগীরা।
২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। এরপর স্বামীর সঙ্গে লন্ডনে বসবাস শুরু করেন তিনি। তখন থেকেই বলিউডে অনিয়মিত হয়ে পড়েন এই বলিউড ডিভা।
/এমএস