ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হচ্ছে আগামী ১২ জুন থেকে। সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মনোযোগ এই টুর্নামেন্ট ঘিরে। ইতোমধ্যেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। বিশেষ করে বিশ্বকাপের আগেই আলোচনায় উঠে এসেছে উদ্বোধনী অনুষ্ঠান। কারণ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান মানেই বিশ্বের তাবত তাবত তারকা ঝলমলে এক সন্ধ্যা ও রাতের গল্প।
এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—এই তিন দেশে অনুষ্ঠিত হবে। তাই তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই আয়োজনে পারফর্ম করবেন হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ জুন লস অ্যাঞ্জেলেসের পার্শ্ববর্তী সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা। তাদের সঙ্গে এদিন পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।
খবরটি নিশ্চিত করে গণমাধ্যমকে সঞ্জয় বলেন, ‘জীবনে এমন মুহূর্তের স্বপ্ন দেখা থেকে আজ সেই মঞ্চের অংশ হওয়া—অবিশ্বাস্য অনুভূতি। একজন অভিবাসী সন্তান হিসেবে নিজের ঘরের স্টুডিও থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো সত্যিই বিশেষ কিছু।’
সঞ্জয় আরও বলেন, ‘এটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়। এটি সেই সব তরুণের প্রতিনিধিত্ব করে, যারা দুই ভিন্ন সংস্কৃতির ভেতর বড় হয়েছে এবং বিশ্বাস করেছে যে তাদের কণ্ঠস্বর অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে।’
সঞ্জয় ইতোমধ্যে কাজ দিয়ে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার শ্রোতাদের কাছে পরিচিত হয়ে উঠেছেন। নিউইয়র্ক টাইমস তাকে বিশ্বের অন্যতম পরিচিত দক্ষিণ এশীয় ইলেকট্রনিক সংগীতশিল্পীদের একজন হিসেবে উল্লেখ করেছে।