উগ্র ডানপন্থি রাজনীতিবিদদের সঙ্গে ইলন মাস্কের ঘনিষ্ঠতা প্রসঙ্গে কঠোর সমালোচনা করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। মাস্কের আচরণকে ‘নির্ঘাত পাগলামি’ আখ্যায়িত করেন এই ধনকুবের।
বার্তা সংস্থা দ্য সানডে টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এ সময় ব্রিটিশ ইসলামবিরোধী নেতা টমি রবিনসন ও জার্মানির উগ্র ডানপন্থি রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের (এএফডি) সঙ্গে মাস্কের সম্পৃক্ততা প্রসঙ্গে ঘোর সমালোচনা করেন গেটস।
সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিত্ব চাইলে রাজনৈতিক স্থিরতা অর্জনে সহায়তা করতে পারেন। কিন্তু তিনি করছেন উল্টোটা।’
মাস্কের সাম্প্রতিক কার্যক্রম ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। ট্রাম্পের অভিষেকের পর একটি র্যালিতে হিটলারের নাৎসি বাহিনীর আঙ্গিকে স্যালুট দিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি। তবে সমালোচনার জবাবেও নাৎসি বাহিনী সম্পর্কিত কৌতুক ব্যবহার করায় তার প্রতি ক্ষিপ্ত অনেকেই।
যুক্তরাজ্যের একটি ধর্ষণ মামলায় মাস্কের হস্তক্ষেপ নিয়ে মন্তব্য করেন বিল গেটস। টেসলা ও স্পেসএক্সের সিইও কেন বৈদেশিক মামলায় নিজেকে জড়াচ্ছেন- এ বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
দেশের রাজনৈতিক অঙ্গনে বিদেশি ধনকুবেরদের প্রভাব কমাতে আন্তর্জাতিক পরিমণ্ডলকে বিশেষভাবে সতর্ক থাকা আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন দেশের রাজনীতিতে অস্থিরাবস্থা কায়েমে মাস্ক বেশ পটু। এটা ভাবলেই অবাক লাগে।’
এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে বিশ্বব্যাপী এইচআইভি ও পোলিওর মতো মরণঘাতী রোগের চিকিৎসায় আর্থিক সহায়তার আগ্রহ প্রকাশ করেন তিনি।
গেটস বলেন, ‘আশা করি স্রষ্টার দূত হয়ে এসে কেউ ট্রাম্পকে ঠিক পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবেন।’ সূত্র: দ্য গার্ডিয়ান
নাইমুর/