ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম ও তার ছেলে একই আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সোমবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল খান পুলক তাদের সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী তদন্তের স্বার্থে রিমান্ড মঞ্জুর করার আবেদন করেন।
অন্যদিকে আসামিদের রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী প্রাণনাথ। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন বিচারক।
মামলার বিবরণে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন। গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর বংশাল থেকে হাজি সেলিমকে এবং ১৪ নভেম্বর গুলশান থেকে সোলায়মানকে গ্রেপ্তার করে পুলিশ।