জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
বুধবার (১১ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। একই মামলায় ওই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা এলাকার ফারুক হোসেন (২৮), মনছুর আলী (২৫), ফেরদৌস হোসেন (১৬)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই মামলায় একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে (১৭) খালাস প্রদান করে আদালত।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, ২০২৩ সালে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। আসামিরা তার স্বামীকে গাছের সঙ্গে বেঁধে ওই গৃহবধূকে গণধর্ষণ করেন। পরে ওই গৃহবধূ চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা করেন। মামলায় চারজনে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ ও প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। একই মামলায় ওই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডও দেয় আদালত। তবে সব আসামিরা পলাতক রয়েছে।
আইনজীবী মো. ফজলুল হক আরও জানান, দীর্ঘদিন পর বাদী পক্ষ ন্যায্য বিচার পেয়েছে। আদালতের রায়ে বাদী পক্ষ সন্তুষ্ট বলে জানান তিনি। তবে এ সময় আদালতে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
আসমাউল আসিফ/নাঈম