চলতি বছরের জানুয়ারি মাসে ধর্ষণের মামলায় ৮ বছরের কারাদণ্ড হয়েছিল নেপালের সাবেক অধিনায়ক সন্দীপ লামিচানের। সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার পর এই মামলা থেকে খালাস পেয়েছেন এই তারকা ক্রিকেটার।
বুধবার (১৫ মে) ৮ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে তার করা আপিলের রায়ে তাকে নির্দোষ ঘোষণা করা হয়।
২০২২ সালে কাঠমান্ডুর এক হোটেলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক হন তিনি। মামলার শুনানী দীর্ঘায়িত হওয়ায় মাঝে জামিন পেয়ে কারাগার থেকে বের হয়ে জাতীয় দলের জার্সিতে মাঠেও নেমেছিলেন তিনি। দেশটির ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হিসেবে পরিচিত এই লেগ স্পিনারের অবদান রয়েছে সে দেশের ক্রিকেটের উন্নতিতেও।
চলতি বছরের জানুয়ারিতে সেই ধর্ষণের মামলায় তাকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর পর কারাগার থেকে মুক্তিও পান।
এরই মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নেপাল। যেখানে রাখা হয়নি লামিচানেকে। যদিও আগামী ২৫ মে পর্যন্ত আইসিসির অনুমোদন ছাড়াই দলে পরিবর্তন আনা যাবে।