পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে কত অমীমাংসিত রহস্য। দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া অনেক অস্বাভাবিক ঘটনার এখন পর্যন্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। কারও কাছে এসব ঘটনা ভূতুড়ে, কারও কাছে প্রকৃতির রহস্য। আবার কারও কাছে নিছক লোককথা। রোমাঞ্চকর এসব স্থানে যাওয়ার ইচ্ছা জাগে আমাদের অনেকের মনে। তবে সুযোগ ও সাহস হয়তো হয়ে ওঠে না। বাংলাদেশি তরুণ কাইফ খান ভালোবাসেন প্যারানরমাল ঘটনা অনুসন্ধান করতে। রহস্যময় স্থান হিসেবে পরিচিত বিভিন্ন জায়গায় ক্যামেরা হাতে ছুটে বেড়ান দেশ-বিদেশে।
কাইফ খানের জন্ম বাংলাদেশে। ১৩ বছর বয়স থেকে পরিবারের সঙ্গে বেড়ে উঠেছেন জার্মানিতে। পড়াশোনা করেছেন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে। বর্তমানে জার্মানির একটি হোটেল ব্যবস্থাপনায় কর্মরত। ছোটবেলা থেকেই ভৌতিক, রহস্যময় স্থানে ঘুরে বেড়াতে ভালোবাসতেন কাইফ। পরিণত বয়সে সেই ইচ্ছা যেন আরও তীব্র হয়। চাকরির পাশাপাশি ঘুরে বেড়াতেন প্যারানরমাল ঘটনাসংবলিত বিভিন্ন স্থানে। একদিন পরিকল্পনা করলেন নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন সামাজিক মাধ্যমে। প্রথম ভিডিও ব্লগ করেন ইউরোপের বিখ্যাত সুইসাইড ফরেস্ট নিয়ে। প্রথম ভিডিওটিই দেখেছিল প্রায় ২২ কোটি মানুষ। কাইফ বুঝতে পারেন অজানাকে জানার জন্য সব মানুষেরই আছে তীব্র অনুভূতি। মানুষের সমর্থন ও উৎসাহে রহস্যময় স্থান নিয়ে নিয়মিত ভিডিও ব্লগ করতে শুরু করেন কাইফ।
এখন পর্যন্ত প্যারানরমাল ঘটনা অনুসন্ধানে ভ্রমণ করেছেন বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, পোল্যান্ড, গ্রিস, রোমানিয়া, কাতার, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের উল্লেখযোগ্য রহস্যময় জায়গা। সাধারণত এসব জায়গায় একাই ভ্রমণ করেন কাইফ। সঙ্গী হিসেবে থাকে জিআই পকেট থ্রি ক্যামেরা, ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর ও একটি টর্চলাইট। কাইফের বিভিন্ন সামাজিক মাধ্যমে তার ভিডিও ব্লগের দর্শক প্রায় ২৩ লাখ। সাধারণত প্যারানরমাল স্থান নিয়ে তার করা ভিডিওগুলো গড়ে ১ লাখ থেকে ১০ লাখ মানুষ পর্যন্ত দেখে থাকেন।
পৃথিবীর বিভিন্ন দেশে রহস্যময় ঘটনা ও স্থান নিয়ে কাজ করে বিভিন্ন সংগঠন। কাইফ যুক্ত আছেন জার্মানের প্যারানরমাল ঘটনা অনুসন্ধানকারীদের সংগঠন ‘ডেকেসি ন্যাশন’-এর সঙ্গে। সংগঠনের সদস্যরা জার্মানি ও বিভিন্ন দেশের রহস্যময় স্থান, অমীমাংসিত ঘটনা ও এসবের ইতিহাস নিয়ে অনুসন্ধান করেন।
কাইফ জানান, পৃথিবীর বিভিন্ন দেশে অনুসন্ধান করলেও এখন পর্যন্ত বাংলাদেশে অনুসন্ধান হয়নি। এ দেশের রয়েছে প্রাচীন ইতিহাস। বিভিন্ন লোকগাঁথা, অলৌকিক ঘটনার উল্লেখ আছে এ দেশের ইতিহাসে। যেমন- লালবাগ কেল্লার সুড়ঙ্গ পথ নিয়ে শোনা যায় বিভিন্ন প্যারানরমাল গল্প। ভবিষ্যতে বাংলাদেশের লালবাগ কেল্লা ও এমন আরও প্রাচীন স্থাপনার প্যারানরমাল ইতিহাস অনুসন্ধান করতে চান এই তরুণ। কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে থ্রিলার, অ্যাডভেঞ্চার-নির্ভর সিনেমা, ওয়েব সিরিজ এখন বেশ জনপ্রিয়। নানা দেশ ঘুরে নিজের জমা হওয়া প্যারানরমাল অভিজ্ঞতা সিরিজ নির্মাণে কাজে লাগানোর আগ্রহও রয়েছে তার।
/আবরার জাহিন