আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পদত্যাগ করেছেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।
রবিবার (১৯ নভেম্বর) সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবরে পদত্যাগের আবেদন করেন তিনি।
ব্যক্তিগত কারণ দেখিয়ে উপজেলা চেয়ারম্যান পদ ছাড়লেও মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতেই তিনি পদত্যাগ করেছেন। এর আগে শনিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাঁশখালী আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।
চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী বাঁশখালীর সাবেক সাংসদ মরহুম সুলতান উল কবির চৌধুরীর পুত্র। আওয়ামী সেচ্ছাসেবক লীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করছেন তিনি। ২০১৯ সালে অনুষ্ঠিত বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।
এব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানান, চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ের সচিব বরাবর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগের আবেদন পাঠানো হয়েছে। আবেদন গৃহীত হলে পদত্যাগ কার্যকর হবে।
এআর