গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও তিনজন।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ-কোটালীপাড়া আঞ্চলিক সড়কের কাজুলিয়া বাসস্ট্যান্ডে ও ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু আরাফাত খান গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের রফিক খানের ছেলে।
আহতরা হলেন, সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের হাসিবুল মোল্লার ছেলে সাজেদুল মোল্লা (১৬), মোশারেফ ভুঁইয়ার ছেলে আশিক ভুঁইয়া (১৬) ও সোনা মোল্লার ছেলে রিয়াজ মোল্লা (১৮)।
ওসি আরও জানান, কাজুলিয়া বাসস্ট্যান্ড থেকে আশুতিয়া যাওয়ার জন্য গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের পাশে মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছিল শিশু আরাফাত খান (৪)। এ সময় কোটালিপাড়াগামী একটি মোটরসাইকেল শিশুটিকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে শিশুটির মা প্রথমে কাঠি ক্লিনিকে নিয়ে গেলে তারা গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, কাশিয়ানী উপজেলা ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় কাশিয়ানীগামী একটি মোটর সাইকেলকে খুলনাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী সাজেদুল মোল্লা, আশিক ভুঁইয়া ও রিয়াজ মোল্লা মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মারাত্মক আহত সাজেদুল মোল্লার অবস্থা আশঙ্কাজনক।
বাদল সাহা/নাঈম