আপনার প্রেজেন্টেশন শুরু হওয়ার পর মাত্র ১৫ সেকেন্ডের মধ্যেই নির্ধারিত হয়ে যায় দর্শক আপনার কথায় মনোযোগী থাকবে কি না। এই স্বল্প সময়েই যদি তাদের আগ্রহ তৈরি না করতে পারেন, তাহলে তারা দ্রুতই মনোযোগ হারিয়ে অন্যদিকে তাকাতে শুরু করবে বা মোবাইলে ব্যস্ত হয়ে পড়বে। তাই শুরুতেই দর্শকদের আকৃষ্ট করা খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য নিচে দেওয়া হলো দর্শকদের মনোযোগ ধরে রাখার চারটি কার্যকর উপায়।
পরিচয়ের জন্য অন্য কারও সহায়তা নিন
শুরুতেই আপনি কে বা কেন এসেছেন- এসব দীর্ঘ ব্যাখ্যায় সময় নষ্ট না করাই ভালো। বরং ১০০ শব্দের মধ্যে নিজের সংক্ষিপ্ত পরিচয় এবং ৫০ শব্দে আপনার বক্তব্যের মূল বিষয়টি তুলে ধরুন। যদি আপনাকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়, তাহলে আয়োজককে অনুরোধ করুন যেন তিনি আপনার পরিচিতি শ্রোতাদের সামনে পড়ে শোনান। আর আপনি যদি নিজেই আয়োজন করেন, তবে আমন্ত্রণপত্রেই নিজের সংক্ষিপ্ত পরিচয় যুক্ত করে দিন।
অযথা মজা করার চেষ্টা এড়িয়ে চলুন
কথা শুরুর আগে মুড হালকা করে নেওয়ার জন্য অহেতুক কৌতুক করা এড়িয়ে যাওয়াটাই ভালো। বেশির ভাগ ক্ষেত্রে কৌতুকগুলো অতি পুরোনো এবং একঘেঁয়ে, যা সময় ক্ষেপণ ছাড়া আর কিছুই না। আবার মাঝে-মধ্যে কৌতুক বলতে গিয়ে অনেকে লম্বা গল্প বলা শুরু করে যা অন্যের ধৈর্যের সীমা লঙ্ঘন করে থাকে।
দীর্ঘ ভূমিকা দিয়ে সময় নষ্ট করবেন না
অধিকাংশ প্রেজেন্টেশনের শুরুতে করপোরেট ব্যাকগ্রাউন্ড তুলে ধরা হয় বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য। কিন্তু সমস্যা হলো প্রেজেন্টেশনের শুরুতে কেউই আপনার কোম্পানি নিয়ে মাথা ঘামায় না। তারা চায় আপনি আপনার কোম্পানির ব্যাকগ্রাউন্ড এমনভাবে উপস্থাপন করুন, যা তাদের এবং তাদের ব্যবসার কাজে আসে। তা না হলে তারা আপনার প্রেজেন্টেশন শুনতে আসত না।
আরো পড়ুন: বিমানবাহিনীতে চাকরির সুযোগ
চমকপ্রদ কোনো তথ্য দিয়ে বক্তব্য শুরু করুন
যদি দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে চান, তাহলে প্রথমে আপনাকে তাদের মনের ভেতরের কোলাহল ভেদ করতে হবে। এটি করার ভালো উপায় হলো দর্শকদের কাছে নতুন এমন কোনো তথ্য স্লাইড আকারে তাদের সামনে তুলে ধরা যাতে তাদের মনোযোগ আকর্ষণ করা যায়। আপনার প্রেজেন্টেশনের পরের অংশে এই নতুন তথ্যের ফলে দর্শকদের মনে যে বিভিন্ন বিজনেস প্রশ্নের উদ্রেক হবে সেগুলোর উত্তর তুলে ধরুন।
তারেক/