খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করতে প্রস্তুত নগরীর অভিজাত ও তারকা হোটেলগুলো। সান্তা ক্লজ, উপহারসামগ্রী আর বর্ণিল আয়োজন নিয়ে প্রস্তুত থাকে। দিনটি উদযাপন করতে ঘুরে আসতে পারেন তারকা হোটেলগুলোর আয়োজন থেকে। পাঁচ তারকা হোটেলগুলোর আয়োজন রয়েছে ভিন্নতা।
র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন
ঢাকার অভিজাত হোটেলগুলোর মধ্যে অন্যতম র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর ক্রিসমাস ইভ উদযাপন করতে ডিনারের আয়োজন করেছে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে রাতের খাবার উপভোগ করতে পারবেন জনপ্রতি ৮ হাজার ৩০০ টাকায়। বড়দিনে বসবে শিশুদের আসর ‘জিঙেল-জলি কিডস ক্রিসমাস’। চলবে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আয়োজনে থাকবে ম্যাজিক শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, সান্তা ক্লজের উপহার। এখানে প্রবেশ করতে খরচ পড়বে ১ হাজার ৯০০ টাকা।
লা মেরিডিয়ান ঢাকা
লা মেরিডিয়ান বড়দিন উপলক্ষে আকর্ষণীয় সাজে সজ্জিত হয়েছে। উৎসব আমেজ ফুটিয়ে তুলতে হোটেল প্রাঙ্গণের মূল প্রবেশদ্বার, লবি ও রেস্টুরেন্টে রয়েছে ক্রিসমাস ভাইভস। সাজসজ্জা ছাড়াও বুফে রেস্তোরাঁর রেসিপিতে ক্রিসমাস থিমযুক্ত বুফে ব্রাঞ্চ ও বুফে ডিনারের আয়োজন। এ ছাড়া শিশুদের বিশেষ ক্রিসমাস অভিজ্ঞতা দেওয়ার জন্য ২৫ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পার্টির আয়োজন করা হয়েছে। এখানে প্রবেশ করতে খরচ পড়বে ২ হাজার ৯০০ টাকা।

রেনেসান্স হোটেল
ম্যারিয়ট ইন্টারন্যাশনালের রেনেসান্স ঢাকা গুলশান হোটেল আবারও নিয়ে এসেছে ক্রিসমাসের বিশেষ আয়োজন। ক্রিসমাস উপলক্ষে হোটেলটি সেজে উঠবে উৎসবের আমেজে। এ বছর উৎসবের মাসজুড়ে হোটেলটিকে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী লাল, সবুজ, সোনালি ও ব্রোঞ্জের অলংকারে। বড়দিনের অনুভূতি যোগ করতে লবি লাউঞ্জে যুক্ত হয়েছে একটি সুন্দর ক্রিসমাস ট্রি। বাহার মাল্টি কুইজিন রেস্টুরেন্টে ২৪ ও ২৮ ডিসেম্বর থাকবে বিশেষ ডিনারের আয়োজন। বড়দিনের উৎসবকে আরও বিশেষ করতে থাকবে বাই ওয়ান গেট ওয়ান। স্পেশাল ব্রাঞ্চ বুফেতে ডিনারে প্রতিজনকে গুনতে হবে ৫ হাজার ৭৯৯ টাকা। ছোট-বড় সবার জন্য থাকবে বিভিন্ন রকমের সারপ্রাইজ।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল
প্রতিবছরের মতো এবারও বড়দিন উপলক্ষে রাজধানীর পাঁচ তারকা ইন্টারকন্টিনেন্টাল হোটেল তাদের প্রাঙ্গণ সাজিয়েছে উৎসবের আমেজে। বড়দিনের এই আয়োজন শুরু হবে ২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে, চলবে বেলা ২টা পর্যন্ত। দুই বছরের ঊর্ধ্বে সবার জন্য প্রবেশমূল্য ৩ হাজার টাকা। বড়দিনের উৎসবকে আরও বিশেষ করতে বিভিন্ন ব্যাংক কার্ডের ওপর থাকবে ডিসকাউন্ট।
প্যান প্যাসিফিক সোনারগাঁও
রাজধানীর অভিজাত হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বসবে ‘ক্রিসমাস ব্রাঞ্চ পার্টি’। থাকবে বিভিন্ন ফান রাইড ও ঘোড়ায় চড়া এবং ‘গেম’-এর সুযোগ। এ ছাড়া মিনি ট্রেন ভ্রমণ মেরি গো রাউন্ড, সান্তা ক্লজের সঙ্গে সেলফি তোলার আয়োজন। মিলবে মিকি ও মিনির সাক্ষাৎ। উপভোগ্য আরও অনেক কিছু। সকাল সাড়ে ১০টা থেকে প্রবেশদ্বার খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত। প্রতিজনের টিকিটের দাম ১ হাজার ৫০০ টাকা।
আমারি ঢাকা
ঢাকার গুলশানে অবস্থিত পাঁচ তারকা হোটেলটিতে ২৪ ও ২৫ ডিসেম্বর ৮ হাজার ৯৯৯ টাকায় থাকছে বিশেষ বুফে ডিনার। আর থাকবে কিডস পার্টি। ইনডোর অ্যাক্টিভিটি ছাড়াও সান্তা ক্লজের পক্ষ থেকে সারপ্রাইজ উপহার। দুই বছরের ওপরে সবার জন্য টিকিটের মূল্য পড়বে ১ হাজার ৯৯৯ টাকা।
কলি