বিজ্ঞানের ইতিহাস দেখায়, অনেক যুগান্তকারী আবিষ্কার সুপরিকল্পিত গবেষণার ফল নয়; বরং ‘শুভ দুর্ঘটনা’। মানুষের কৌতূহল এবং পর্যবেক্ষণ ক্ষমতা এমন ভুলকে মানবকল্যাণে রূপ দিয়েছে। তেমন কিছু শুভ দুর্ঘটনার গল্প নিয়েই এবারের আয়োজন। জানাচ্ছেন মো. মোস্তাফিজুর রহমান।
পেনিসিলিন: আধুনিক চিকিৎসাবিজ্ঞানের মহাবিপ্লব
১৯২৮ সালে Alexander Fleming লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে গবেষণার সময় একটি পেট্রি ডিশে নীলচে-সবুজ ছত্রাক লক্ষ করেন। আশ্চর্যের বিষয়, ছত্রাকটির আশপাশের ব্যাকটেরিয়া মারা যাচ্ছে। এই ছত্রাক (Penicillium notatum) থেকে পরবর্তী সময়ে পেনিসিলিন উদ্ভূত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি অসংখ্য সেনার জীবন বাঁচায়। এটি বিশ্বের প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক, যা আধুনিক সার্জারি, অঙ্গ প্রতিস্থাপন এবং ক্যানসারের চিকিৎসার পথ প্রশস্ত করেছে। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় ‘Miracle Drug’।
এক্স-রে: অদৃশ্যের রূপকার
১৮৯৫ সালে Wilhelm Conrad Röntgen ক্যাথোড রশ্মি নিয়ে পরীক্ষা করার সময় একটি অদৃশ্য রশ্মির সন্ধান পান। তিনি লক্ষ করেন, এটি শরীরের ভেতরের অংশের প্রতিচ্ছবি তৈরি করতে পারে। এই রশ্মির নাম দেন ‘এক্স-রে’।
১৮৯৫ সালের ২২ ডিসেম্বর তিনি তার স্ত্রীর হাতের এক্স-রে তোলেন, যা মানবদেহের প্রথম ছবি। এ আবিষ্কারের জন্য তিনি ১৯০১ সালে পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পান। আজ এক্স-রের ব্যবহার চিকিৎসা, নিরাপত্তা ও শিল্পক্ষেত্রে অপরিহার্য।
মাইক্রোওয়েভ ওভেন: চকোলেট যখন উদ্ভাবক
রান্নাঘরের এই অপরিহার্য যন্ত্রটির আবিষ্কারক Percy Spencer। ১৯৪৫ সালে রাডার প্রযুক্তি পরীক্ষা করার সময় তার পকেটে থাকা চকোলেট গলে যায়। পরবর্তী পরীক্ষায় দেখা যায়, ম্যাগনেট্রন খাবারের অণুগুলোকে উত্তপ্ত করে দ্রুত রান্না করতে পারে।
১৯৪৬ সালে প্রথম বাণিজ্যিক মাইক্রোওয়েভ ওভেন তৈরি হয়। প্রথমে বিশাল ও ব্যয়বহুল হলেও, প্রযুক্তির উন্নয়নে এটি আজ প্রতিটি রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ।
পেসমেকার: যান্ত্রিক হৃৎস্পন্দন
মানব হৃৎপিণ্ড যখন ছন্দ হারায়, তখন তাকে ফিরিয়ে আনার সমাধান হলো পেসমেকার। ১৯৫৬ সালে Wilson Greatbatch হৃৎপিণ্ডের শব্দ রেকর্ড করতে একটি সার্কিট তৈরি করতে গিয়ে ভুলবশত বৈদ্যুতিক স্পন্দন বের করেন।
এটি মানুষের দুর্বল হৃৎপিণ্ডকে সঠিক ছন্দে চালাতে সাহায্য করে। ১৯৬০ সালে প্রথমবারের মতো সফলভাবে মানুষের শরীরে স্থাপন করা হয়। আজ এটি অসংখ্য মানুষের জীবন রক্ষা করছে।
টেফলন: পিচ্ছিল বিজ্ঞানের বিস্ময়
১৯৩৮ সালে Roy J. Plunkett একটি রেফ্রিজারেন্ট গ্যাস নিয়ে কাজের সময় এটি সাদা, পিচ্ছিল কঠিন পদার্থে পরিণত হয়। এটি ছিল পলিটেট্রাফ্লুরোইথিলিন (পিটিএফই), তাপ সহনশীল এবং নন-স্টিক।
পরবর্তীতে ‘টেফলন’ রান্নার পাত্র, বৈদ্যুতিক তারের ইনসুলেশন এবং অন্যান্য শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও আরামদায়ক করেছে।
এই আবিষ্কারগুলো প্রমাণ করে যে, ভুল বা দুর্ঘটনা সব সময় ব্যর্থতা নয়; বরং তা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। বিজ্ঞানীদের কৌতূহল, ধৈর্য ও বিশ্লেষণী মনোভাবই এই দুর্ঘটনাগুলোকে মানবকল্যাণে পরিণত করেছে। পেনিসিলিন জীবন রক্ষা করেছে, এক্স-রে মানুষের দৃষ্টিসীমা প্রসারিত করেছে, পেসমেকার হৃৎস্পন্দন সচল রেখেছে এবং টেফলন ও মাইক্রোওয়েভ দৈনন্দিন জীবনকে সহজ করেছে। এভাবেই বিজ্ঞানের প্রতিটি অপ্রত্যাশিত ঘটনাও মানবসভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারেক/
.jpg)
.jpg)