বৃষ্টি নামলেই মনটা যেন অদ্ভুত এক টানে ছুটে যায় রান্নাঘরের দিকে। মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টির শব্দ আর তার সঙ্গে ধোঁয়া ওঠা গরম খিচুড়ি–এই সমন্বয় বাঙালির চিরন্তন অনুভূতির অংশ। মুখরোচক এই খাবারটির রয়েছে নানা রূপ ও স্বাদ। কারও পছন্দ পোলাও চাল আর মুগডালের ভুনা খিচুড়ি, কেউ আবার ভালোবাসেন ঝোলসমেত পাতলা ল্যাটকা খিচুড়ি। অনেকেই এতে যোগ করেন সবজি বা মাংস, তৈরি হয় নতুন স্বাদের বৈচিত্র্য। আবার অনেকে কয়েকরকম ডাল ও কয়েকরকম চালের মিশেলে ঘটান ভিন্ন স্বাদের ছোঁয়া।
খিচুড়ির ইতিহাসে গ্রামীণ ছোঁয়া
খিচুড়ির ইতিহাসের পিছনে রয়েছে সহজ জীবনযাত্রার গল্প। এক সময় বাউলদের খাদ্য হিসেবে পরিচিত ছিল এই পদ। পথে পথে গান গেয়ে বেড়ানো বাউলরা বাড়ি বাড়ি থেকে পাওয়া চাল-ডাল একসঙ্গে মিশিয়ে রান্না করতেন। সেই সরল, পুষ্টিকর খাবারই সময়ের সঙ্গে ‘খিচুড়ি’ নামে পরিচিতি পায়। এই খাবারের মূল শক্তি ছিল এর সহজলভ্যতা এবং স্বল্প উপকরণে পেট ভরানোর ক্ষমতা।
বর্ষার দিনে খিচুড়ির অবিচ্ছেদ্য সম্পর্ক
গ্রামবাংলার বর্ষাকাল মানেই ছিল জলমগ্ন পরিবেশ, যেখানে বাজারে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ত। তখন ঘরে থাকা চাল ও ডালই হয়ে উঠত ভরসা। এক হাঁড়িতে রান্না করা যেত বলে খিচুড়ি ছিল সবচেয়ে সহজ সমাধান–এক কথায় ‘ওয়ান পট মিল’। তা ছাড়া গ্রামগঞ্জের হেঁশেল ছিল আলাদা স্থানে অর্থাৎ বাসা থেকে খানিকটা দূরে। ফলে বারবার বৃষ্টির মাঝে হেঁশেল বা রান্নাঘরে যাওয়া ছিল কষ্টকর ব্যাপার।
তা ছাড়া বৃষ্টিতে মাটির চুলাও যেত ভিজে। আবার বৃষ্টিতে কাঠ ভিজে গেলে আগুন জ্বালানো কঠিন হতো। ফলে আলাদা করে ভাত-তরকারি রান্না না করে খিচুড়িই হয়ে উঠত সময় ও শ্রমসাশ্রয়ী খাবার।
আরো পড়ুন: যেভাবে জন্ম হলো ফেরারি লোগোর
অনেক সময় ঘরের আশপাশের গাছ থেকে পাওয়া সবজি বা আলু কেটে যোগ করা হতো এতে। তৈরি হয়ে যেত পুষ্টিকর সবজি খিচুড়ি। ঝড়বৃষ্টির দিনে সহজে ও দ্রুত রান্নার এই সুবিধাই খিচুড়িকে জনপ্রিয় করে তোলে।

ঐতিহ্য থেকে সংস্কৃতির অংশ
সময়ের প্রবাহে খিচুড়ি কেবল প্রয়োজনের খাবার হয়ে থাকেনি; এটি হয়ে উঠেছে বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বিভিন্ন উৎসব বা পারিবারিক আয়োজনে খিচুড়ি এখন অপরিহার্য একটি পদ। যেদিন ঘরে খিচুড়ি রান্না হয়, সেদিন যেন এক অন্যরকম উষ্ণতায় ভরে ওঠে পুরো পরিবেশ। আনন্দঘন হয়ে ওঠে মুহূর্তগুলো।
বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, ডিম ভাজা কিংবা ইলিশ মাছ ভাজা–এই সংমিশ্রণ যেন বাঙালির কাছে এক অমৃত স্বাদ। এটি শুধু খাবার নয়, বরং আবেগ, স্মৃতি আর স্বস্তির এক অনন্য অভিজ্ঞতা।
স্মৃতির খিচুড়ি, মায়ের রান্না
বৃষ্টি নামলেই অনেকের মনে পড়ে শৈশবের দিনগুলো। মায়ের বা দাদি-নানির হাতে রান্না করা গরম খিচুড়ির সেই স্বাদ যেন এখনো জীবন্ত। খিচুড়ি শুধু পেট ভরায় না, মনও ভরিয়ে দেয়। ধীরে হজম হওয়ায় এটি দীর্ঘসময় তৃপ্তি দেয়, যা বর্ষার আবহে আরও আরামদায়ক করে তোলে।
খিচুড়ি আজ শুধু একটি খাবার নয়, এটি বাঙালির জীবনযাপন, ইতিহাস এবং আবেগের এক অনন্য প্রতীক। বৃষ্টির দিনে এই খাবার যেন আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে সংযোগ ঘটায়। তাই মেঘলা আকাশ দেখলেই মনে হয় আজ যদি এক প্লেট গরম খিচুড়ি হতো!
তারেক/
.jpg)
.jpg)