১৯৭১ সালের মহান স্বাধীনতা ও চব্বিশের জুলাই বিপ্লব জাতীয় মুক্তির পথ বলে মন্তব্য করেছেন প্যাট্রিয়টস অব বাংলাদেশ ও বাংলাদেশ ফোরাম যুক্তরাষ্ট্রের নেতারা। তারা বলেন, স্বাধীনতার চেতনা, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখে বাংলাদেশের ভবিষ্যত বিনির্মাণ করতে হবে। অন্যথায় আমাদের সব অর্জন ভূলুণ্ঠিত হবে।
সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় নিউইয়র্কের একটি হোটেলে প্যাট্রিয়টস অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফোরাম এর যৌথ উদ্যোগে গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেন, জুলাই সনদের বাস্তবায়ন না হলে প্রবাসীরা রেমিট্যান্স বন্ধ করে দিতে পারে। ১৭ বছর ধরে নির্বাসিত বিএনপি আজ ক্ষমতায় আসার পর জুলাই শহীদদের কথা ভূলে গিয়ে ফ্যাসিবাদের নতুন পথে হাটতে শুরু করেছেন। তারা নতুন করে ভারতের দালাল হয়ে উঠছেন।
তিনি বলেন, অরক্ষিত স্বাধীনতাকে রক্ষার প্রয়োজন ২৪’র জুলাই বিপ্লব হয়েছে। জনগণের ওপর আওয়ামী ফ্যাসিবাদের বৈষম্যমূলক আচরণ ও ভারতীয় একতরফা শোষণ নীতির কারণে এই বিপ্লব ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। জুলাই সনদের উপর অনৈতিক হস্তক্ষেপ করলে আবারও দেশ-বিদেশ থেকে অভ্যুত্থানের ডাক আসবে।
সভাপতিত্ব বক্তব্যে বাংলাদেশ ফোরামের সদস্য সচিব এমদাদ চৌধুরী দীপু বলেন, স্বাধীনতা শুধু একটি ঐতিহাসিক অর্জন নয, এটি একটি চলমান দায়িত্ব। আজকের প্রেক্ষাপটে মানবাধিকার, আইনের শাসন ও গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের নতুন করে রাষ্ট্রগঠনের পথ ভাবতে হবে।
প্যাট্রিয়টস অব বাংলাদেশের আবদুল কাদের এবং যুগ্ম আহ্বায়ক মিসবাহ উদ্দীনের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের নেতা আজিজুর রহমান, তুহিন মালিক, নুরুল হক চৌধুরী, জেএসএফের সভাপতি হাজী আনোয়ার হোসেন, কমিউনিটি লিডার মোহাম্মদ জাবেদ উদ্দিন, মোহাম্মদ জহিরুল হক মুকুল, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি দিপু চৌধুরী, বাংলাদেশ ফোরামের আবদুল আলীম, নামুল হক তালুকদার, রুকসানা পারভিন প্রমুখ।
এসএন/
শফিকুল ইসলাম/এসএন