২০২৫ সাল। বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বছর। দেশের ভবিষ্যৎ গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি সংস্কারে আশা জাগানোর বছর হিসেবে বিবেচিত। যদিও আগের বছর (২০২৪) ছিল চরম রাজনৈতিক অস্থিরতা। দুর্বার আন্দোলনে সরকার পতনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক ও ছাত্র রাজনীতির রূপান্তরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করতে দীপ্ত আশা জেগেছিল মানুষের মনে। ২০২৫-এ রাজনৈতিক অস্থিরতা কমলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, দুর্নীতি প্রতিরোধ, সব ক্ষেত্রে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করাসহ অর্থনৈতিক চ্যালেঞ্জ (উচ্চ মুদ্রাস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি হ্রাস) মোকাবিলায় অন্তর্বর্তী সরকারকে কঠিন সময় পার করতে হয়েছে। বিশেষ করে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা, রাজনৈতিক মেরূকরণ ও ক্ষমতার ভারসাম্য বজায় রাখা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করা চ্যালেঞ্জিং ছিল। ফলে আশা-দুরাশার মাঝেই কেটেছে বছর। তবুও সবাই আশায় বুক বেঁধেছেন আগামী নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চয়ই স্থায়ীভাবে স্থিতিশীলতা আসবে।
সব বাঁধা কাটিয়ে দেশ এখন নির্বাচনের ট্রেনে উঠেছে। নির্বাচনি ট্রেনে উঠার ক্ষেত্রে পেছন ফিরে দেখা ২০২৫ মোটেও মসৃণ ছিল না। সরকারকে বছরজুড়ে বিভিন্ন গোষ্ঠী ও মহলের দাবি-দাওয়ার আন্দোলন সামাল দিতে হয়েছে।
ঘটনাবহুল ২০২৫-এর সবশেষ আন্দোলন চলছে শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে। সেখানে চলছে ইনকিলাব মঞ্চের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। ২৬ ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৯ ডিসেম্বর) আন্দোলনকারীরা হাদির মূল হত্যাকারীদের গ্রেপ্তার ও ২৫ দিনের মধ্যে বিচারকাজ শেষ করাসহ চার দফা দাবি ঘোষণা করেন।
গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনে বিজয়নগরের কালভার্ট রোডে মোটরসাইকেল থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে ১৮ ডিসেম্বর তিনি মারা যান। মৃত্যুর খবরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচী ভবনে হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগে ভাঙা বাড়িটি পুনরায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ১৯ ডিসেম্বর ঢাকায় স্মরণকালের সবোর্চ্চসংখ্যক মানুষের উপস্থিতি ছিল হাদির জানাজায়।
একই সময়ে অন্য এক ঘটনায় ময়মনসিংহের ভালুকায় একদল উচ্ছৃঙ্খল লোক দিপু দাস নামের এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করে। এরপর দিপুর দেহ একটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেয়। এ নিয়ে দেশে-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিচারের দাবিতে বিভিন্ন মহল ও সংগঠন সোচ্চার হয়। পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন স্থানেও আন্দোলন চলছে।
১৭ বছর পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। দেশের ইতিহাসে তার স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় সবচেয়ে বড় জনসমাগম দেখা যায়।
দুর্নীতিবিরোধী অভিযানে ২০২৫ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মামলা হয়। সাবেক প্রধানমন্ত্রী, সাবেক মন্ত্রী ও সাবেক এমপিসহ বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে দুর্নীতির সঙ্গে জড়িত রাজনীতিক, আমলা, ব্যবসায়ীসহ প্রায় সব শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধেই মামলা হয়। এর মধ্যে দুর্নীতির অভিযোগে গত ১ ডিসেম্বর এক রায়ে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাগনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীসহ পরিবারের সদস্যদের সাত বছর পর্যন্ত কারাদণ্ড দেন আদালত।
নভেম্বরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সাবেক সভাপতি আবুল কাসেম খান দাবি করেন, অর্থনীতির সব সূচকে বাংলাদেশের অবস্থা বেশ নাজুক। অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে।
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড।
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা ও বিডিআর ম্যাসাকারের ঘটনা স্মরণে রাখতে ৬ অক্টোবর এক প্রজ্ঞাপনে ঐতিহাসিক ঘটনাবলি বিবেচনা ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে সরকার।
৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় ইসলামী ছাত্রশিবির। দেশের ইতিহাসে ছাত্রশিবির এমন বিজয় পায়নি।
৫ আগস্ট বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই বিমান দুর্ঘটনায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ অন্তত ৩৫ জনের মৃত্যু ঘটে। এ ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে আসে।
৯ জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামে একজন ভাঙারি ব্যবসায়ীকে ভারী কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলার চরম অবনতি হিসেবে উল্লেখ করে সারা দেশে সমালোচনা শুরু হয়।
২ জুন অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করে। আগের বাজেটের তুলনায় ০.৮৮% কম এবং বিগত এক যুগের মধ্যে সবচেয়ে ছোট বাজেট। এটিই ছিল দেশের ইতিহাসে প্রথমবার কোনো বাজেটের আকার কমানোর ঘটনা।
মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধে কঠোর আন্দোলন শুরু হয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ ও এর সব সহযোগী-ভ্রাতৃপ্রতিম-অঙ্গসংগঠনগুলোর বিষয় রায় না হওয়া পর্যন্ত ওই দল ও সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ১২ মে প্রজ্ঞাপন জারি করে সরকার।
৬ এপ্রিল একটি মামলায় আওয়ামী লীগপন্থি ৮৩ জন আইনজীবী ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে ৬১ জনকে কারাগারে পাঠানো হয়। দেশে একযোগে এত সংখ্যক আইনজীবীর আত্মসমর্পণ ও কারাগারে পাঠানোর ঘটনা এটাই প্রথম বলে মনে করেন অনেকে।
রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশ সফরে এসে ১৪ মার্চ কক্সবাজারের উখিয়ায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন।
ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ৬ ফেব্রুয়ারি ফেসবুক লাইভে বক্তব্য দেওয়ার খবরে ক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার ও ভেকু দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভেঙে দেন।
তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানুয়ারিতে একাধিক মামলায় সাজামুক্ত হন। তার বিরুদ্ধে থাকা সব মামলা পরে আদালতের রায়ে বাতিল হলে তিনি পুরোপুরি মামলামুক্ত হন।