ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নুসরাত জাহান চৌধুরী এবং একই বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভূঁইয়ার সঙ্গে পুলিশের অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বুধবার (৩১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পুলিশের অসদাচরণের অভিযোগ তুলে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়।
এতে আরও বলা হয়, ‘আমরা অবগত হয়েছি যে, উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সোনম সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বস্তুনিষ্ঠ মতামত প্রকাশ করায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তিনি গত ২৬ জুলাই শাহবাগ থানায় এ বিষয়ে একটি জিডি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছে।’
বুধবার দুপুরে আটক এক শিক্ষার্থীকে পুলিশের কাছ থেকে ছাড়াতে গিয়ে শেহরীন আমিন ভূঁইয়া লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠে। জানা যায়, দোয়েল চত্বরের পাশে শিক্ষার্থী-শিক্ষকদের সম্মিলিত সমাবেশে এক শিক্ষার্থীকে পুলিশ আটক করতে চাইলে বাধা দেন ঢাবির লোকপ্রশাসন বিভাগের দুজন নারী শিক্ষক।
তারা হলেন অধ্যাপক ড. নুসরাত জাহান চৌধুরী এবং প্রভাষক শেহরীন আমিন ভূঁইয়া।
এর মধ্যে পুলিশের ধাক্কায় হাত মুচড়ে যায় এবং হাঁটুতে ব্যথা পান শেহরীন আমিন।