রাজধানীর আজিমপুরে লালবাগ টাওয়ারের গলির একটি বাসায় ফারজানা নামে এক নারীর কোল থেকে তার শিশুসন্তানকে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছেন রাহা নামের এক নারী। গত বৃহস্পতিবার রাতে ওই বাসার একটি রুমে ভাড়াটিয়া হিসেবে ওঠেন তিনি। শিশুটির মা ফারজানা দাবি করেছেন, তার বাসায় থাকা নগদ দেড় লাখ টাকা ও ৪ ভরি সোনার গহনাও খোয়া গেছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
শিশুটি উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি খবরের কাগজকে জানান, কিছুদিন আগে ফারজানা এই বাসায় সাবলেট হিসেবে একটি রুম ভাড়া নেন রাহা নামের ওই নারী। গত বৃহস্পতিবার তিনি এই বাসায় ওঠেন ও শুক্রবার সকাল ৯টার দিকে শিশুটিকে নিয়ে পালিয়ে যান।
তিনি আরও বলেন, ‘শিশুটিকে উদ্ধারে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। এ ছাড়া কী কারণে শিশুকে ছিনিয়ে নিয়ে গেছেন এই নারী, তা খুঁজছে পুলিশ। তবে এই শিশুর মা এ বিষয়ে আমাদের কোনো তথ্য দিতে পারেননি। এ ছাড়া ওই নারীর নাম রাহা বললেও আসলে তিনি রাহা নন। তার পরিচয় শনাক্ত করার মতো কোনো তথ্যও আমরা হাতে পাইনি।’
ফারজানার স্বজনরা জানান, ফারজানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই বাসাতেই থাকেন। সকালে ওই নারী তার শিশুটিকে নিয়ে পালিয়ে যান।
ফারজানার এক সহকর্মী জানান, সহকর্মীর বাসায় ডাকাতি হয়েছে শুনে তিনি সেখানে গিয়েছিলেন। গিয়ে শোনেন, এক নারী তার শিশুসন্তানকে নিয়ে গেছেন। বাচ্চাটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু বলেন, ‘ওই নারী কোনো ভোটার আইডি বা অন্য কোনো পরিচয়পত্র দিয়ে সাবলেট ভাড়া নেননি। তার নাম বা ঠিকানা কিছুই শিশুটির মা বলতে পারেননি। আমরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে কোনো পরিচয় ও নাম-ঠিকানা না থাকায় শিশুটিকে উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি ওই নারী এখনো রাজধানীর কোনো এলাকায় লুকিয়ে আছেন। এ ছাড়া তিনি হয়তো শিশু চুরির কোনো চক্রের সদস্য। তবে সব কিছুই এখন ধোঁয়াশা। আমরা ঘটনার মোটিভ জানতে চেষ্টা করছি।’