ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সর্বশেষ
তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে: নজরুল ইসলাম প্রতিবন্ধী শিশুদের সম্পদে রূপান্তরের আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ৫ জনের মৃত্যু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে: জি এম কাদের যে বিশ্বাস মানুষের জীবনে এনে দেয় অভাবনীয় ৬টি পরিবর্তন? জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিত করতে চায় জাতীয় সংসদ: স্পিকার চামড়া নৈরাজ্য অর্থনীতির জন্য অশনিসংকেত ৫ জুন পপ গুরু আজম খানের মৃত্যুবার্ষিকী গাজীপুরে বাসচাপায় অটোচালকসহ নিহত ২ আছিয়া থেকে রামিসা: বিচার কোথায়? প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঈশ্বরগঞ্জে সংঘর্ষের ঘটনায় তরুণের মৃত্যু, চেয়ারম্যানসহ ৩১ জনের নামে মামলা চাঁপাইনবাবগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু কুমিরের হামলায় নিহত শিশু ফাতেমার মা  ফিরলেন পরিবারের কাছে নিখোঁজের ৪ দিন পর বিলে মিলল যুবদলকর্মীর মরদেহ, আটক ৫ দুর্নীতি ঠেকাতে বন্দরকে ডিজিটালাইজড করা হবে: অর্থমন্ত্রী চাঁদপুরে গরমে জনজীবন বিপর্যস্ত আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি হবে: স্বাস্থ্যমন্ত্রী ভ্যাপসা গরমে হাঁসফাঁস রংপুরের জনজীবন থিয়েনচিনের বুদ্ধিমান শিল্প প্রদর্শনীতে নতুন যা দেখা গেল মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৩, বিচার দাবিতে সংবাদ সম্মেলন মহাকাশভিত্তিক সৌরবিদ্যুতে নজর চীনের আমাদের বিশ্ববিদ্যালয় এবং ‘কোচিং সেন্টার’ বিতর্ক সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র ময়মনসিংহে বজ্রপাতে শিক্ষকসহ ২ জনের মৃত্যু পাসপোর্ট ও বিদেশযাত্রার প্রক্রিয়া সহজ করতে হবে উখিয়ায় পারিবারিক কলহে গৃহবধূ নিহত, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার প্রখর রোদে পথচলতি মানুষের হাতে শরবত ও পানি গাংনীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৩ হাওর অঞ্চলের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
Nagad desktop

কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার অপূর্ব পাল কারাগারে

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:১২ পিএম
আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:১৫ এএম
কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার অপূর্ব পাল কারাগারে
খবরের কাগজ গ্রাফিকস

মুসলিমদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ।

রোববার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান ওই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক চাঁদ মিয়া আসামিকে আদালতে হাজির করেন। 

কারাগারে আটক রাখার আবেদন দাখিল করে বলেন, মামলার তদন্ত চলছে। ঘটনায় জড়িত মর্মে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও বিষয়টি সে স্বীকার করেছে।  

সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে। এমতাবস্থায় আসামিকে কারাগারে আটক রাখা আবশ্যক। 

আদালতে শুনানির সময় আসামির জামিন চেয়ে আবেদন করা হলে তা নাকচ করে কারাগার পাঠানোর আদেশ দেন বিচারক। 

শনিবার (৪ অক্টোবর) সকালে ওই শিক্ষার্থী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে আল কোরআনের অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। 

অভিযুক্ত নিজেও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও প্রকাশ করেন। 

উত্তেজিত একদল শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা মধ্যরাতে অপূর্ব-র বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করে। 

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে ধর্ম অবমাননার অভিযোগে উপ-পরিদর্শক হাসমত আলী  বাদী হয়ে তার বিরুদ্ধে ভাটারা থানায় মামলা দায়ের করেন।

এম এ জলিল উজ্জ্বল/এসএন

প্রতিবন্ধী শিশুদের সম্পদে রূপান্তরের আহ্বান

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:৪৭ পিএম
প্রতিবন্ধী শিশুদের সম্পদে রূপান্তরের আহ্বান
ছবি: সংগৃহীত

প্রতিবন্ধী শিশুদের সমাজের বোঝা না ভেবে সঠিক সুযোগ ও পরিবেশের মাধ্যমে দেশের মূল্যবান সম্পদে রূপান্তরের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) ময়মনসিংহের মুক্তাগাছার স্থানীয় একটি হোটেলে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক’ এক অ্যাডভোকেসি সভায় বক্তারা এই আহ্বান জানান। ‘ইআরইডিএমসিএম’ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার।

সভায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারকরণ এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি অংশীজনদের যৌথ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মুক্তাগাছা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা হাছিনা জামানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুল আমীন, ওয়ার্ল্ড ভিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিনিধিরা। এছাড়া বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, ‘আমরাই পারি’ জোটের প্রতিনিধি, যুব নেতা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

হাছিনা জামান বলেন, ‘প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, সঠিক সুযোগ ও পরিবেশ পেলে তারাও দেশের মূল্যবান সম্পদে রূপান্তরিত হতে পারে। তাদের অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের এই সময়োপযোগী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং যুব গ্রুপের সদস্যরা প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন এবং সমাজের মূলধারায় তাদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কৌশলগত দিক তুলে ধরেন।

সভার শেষ পর্যায়ে ইআরইডিএমসিএম প্রকল্পের সমন্বয়কারী ইকবাল হোসেন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সামগ্রিক উন্নয়নে এবং অধিকার বাস্তবায়নে এই প্রকল্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে এই ধরনের জনকল্যাণমুখী ও সচেতনতামূলক কার্যক্রম আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

জয়ন্ত সাহা/এসএন

জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিত করতে চায় জাতীয় সংসদ: স্পিকার

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম
জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিত করতে চায় জাতীয় সংসদ: স্পিকার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা অর্জন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ শীর্ষক ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সংসদের মর্যাদা কেবল তার সাংবিধানিক ক্ষমতার ওপর নির্ভর করে না, বরং জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণের সক্ষমতার ওপরও নির্ভরশীল। একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনসম্পৃক্ত সংসদ গড়ে তোলার মাধ্যমেই জনগণের সেই আস্থা অর্জন সম্ভব।’ ফলে জনগণের আস্থা অর্জন ও জবাবদিহি প্রতিষ্ঠায় কার্যকর সংসদীয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্পিকার বলেন, ‘সংসদ পরিচালিত হয় সংবিধান ও সংশ্লিষ্ট আইনগত কাঠামোর ভিত্তিতে। সংসদ সদস্যদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য কার্যপ্রণালি-বিধি সম্পর্কে সম্যক ধারণা থাকা অপরিহার্য।’ 

তিনি বলেন, ‘কার্যপ্রণালি-বিধি শুধু প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং সংসদ সদস্যদের দায়িত্ব পালনের অন্যতম কার্যকর হাতিয়ার।’

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আইন প্রণয়ন, নির্বাহী বিভাগের কার্যক্রম তদারকি এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করা-সংসদের প্রধান তিনটি দায়িত্ব। এসব দায়িত্ব সফলভাবে বাস্তবায়নে সংসদ সদস্যদের সক্রিয় ও দক্ষ অংশগ্রহণ প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘একটি সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নয়, বরং সরকারি দল ও বিরোধী দলের গঠনমূলক অংশগ্রহণের মাধ্যমে কার্যকর হয়ে ওঠে। সংসদীয় বিতর্ক, আইন প্রণয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব।’

সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় পরিচালিত ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিটিক্স অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ কর্মসূচির ভূয়সী প্রশংসা করে স্পিকার বলেন, ‘এ উদ্যোগ সংসদ সদস্যদের কার্যকর অংশগ্রহণ, দক্ষতা বৃদ্ধি এবং জনপ্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এবং বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান।

অনুষ্ঠানে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, ‘শেখার কোনো বয়স নেই, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শেখার সুযোগ থাকে।’ ওরিয়েন্টেশন কর্মসূচিকে তিনি অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক শিক্ষা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হয়নি। কার্যপ্রণালি-বিধি, সংবিধান এবং সংসদীয় রেওয়াজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা গণতন্ত্রকে শক্তিশালী করা, সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসনভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের করের অর্থে পরিচালিত সংসদের প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশাসন, অর্থনৈতিক সংস্কার এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা। জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।’

দুই দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কর্মসূচির দ্বিতীয় গ্রুপে ময়মনসিংহ, নেত্রকোনা, ঢাকা, চট্টগ্রাম ও বান্দরবানসহ বিভিন্ন আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সদস্যরা অংশ নেন।

এলিস/সালমান/

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৬, ০৫:৫১ পিএম
আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি হবে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে এসি বন্ধ থাকা এবং চরম অবহেলার কারণে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তিনি বলেন, ‘আমার আইনে যতটুকু কঠোর হওয়া সম্ভব, আমরা ততটুকুই যাব। এবার আর কাউকে মাফ করে দেওয়া যায় না।’

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার পরপরই স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার দুপুর ৩টায় তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং দায়িত্বরত নার্স ও স্টাফদের চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদনে অপরাধ ও অবহেলা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। হাসপাতালটির যে পোস্ট-অপারেটিভ কক্ষে এই ঘটনা ঘটেছে, সেটি আমরা ইতোমধ্যে সিলগালা করে দিয়েছি। তবে পুরো হাসপাতালে দুই শতাধিক রোগী ভর্তি থাকায় তাৎক্ষণিকভাবে হাসপাতালটি বন্ধ করা সম্ভব হচ্ছে না। আগামী দুই দিনের মধ্যে বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হবে এবং রোববারের মধ্যে হাসপাতালটির বিষয়ে চূড়ান্ত ও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে, ইনশাআল্লাহ।’

হাসপাতালগুলোর লাগামহীন অব্যবস্থাপনা রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা সচিব, মহাপরিচালক (ডিজি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে যেভাবে আকস্মিক পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছি এবং যে ধরনের কঠোর আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি, তাতে ভবিষ্যতে কোনো হাসপাতাল কর্তৃপক্ষ এভাবে বদ্ধ ঘরে রোগী বা শিশু রাখার দুঃসাহস দেখাবে না বলে আমার বিশ্বাস।’

তিনি আরও জানান, বেসরকারি হাসপাতালের নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে এখন থেকে পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি ও ভবন পরিদর্শন বাধ্যতামূলক করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ছয় নবজাতকের মৃত্যুকে কেবল পেশাগত অবহেলা নাকি ফৌজদারি অপরাধ হিসেবে দেখা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি গুরুতর ফৌজদারি অপরাধ এবং এ ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে। আবেগের কারণে ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা শিশুদের মরদেহ নিয়ে গেছেন, যা আসামিপক্ষ আইনি সুযোগ হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে পারে। তবে এটি রাতের আঁধারে সংঘটিত কোনো গোপন ঘটনা নয়; এটি শতভাগ প্রমাণিত সত্য। আমার দৃঢ় বিশ্বাস, বিজ্ঞ আদালত আসামিদের কোনো ছাড় দেবেন না।’

তদন্ত কমিটির বরাত দিয়ে মন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালের ২ নম্বর পোস্ট-অপারেটিভ কক্ষটি হাসপাতাল পরিচালনার জন্য মোটেও উপযোগী ছিল না। ৯০০ বর্গফুট আয়তনের ওই কক্ষে ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি মানুষ অবস্থান করছিলেন। দীর্ঘ সময় এসি বন্ধ থাকা এবং বিকল্প ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় কক্ষটিতে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায় এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, যা নবজাতকদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সবশেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের নিয়ে আমরা ধারাবাহিকভাবে ভার্চুয়াল সভা (জুম মিটিং) করছি। আমাদের নির্দেশনা ও তদারকি দিন দিন আরও কঠোর হবে, যার বাস্তব প্রতিফলন আপনারা খুব শিগগিরই মাঠপর্যায়ে দেখতে পাবেন।’

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অমিয়/

হাম-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
হাম-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

হাম ও হামের উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২০৫ জন শিশুর শরীরে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। আর হামে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। 

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫১৪ জনের। আর নিশ্চিত হামে মারা গেছে ৯১ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৬ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৬৯ জন। 

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে। আর নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯ হাজার ২৬০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ১৯৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৪৩ জন।

সালমান/

স্বামী-সন্তানরা কানাডায়, মিরপুর থেকে আরেক নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৩:৩৪ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম
স্বামী-সন্তানরা কানাডায়, মিরপুর থেকে আরেক নারীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে নুরুজাহান বেগম নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধারের সমালোচনা শেষ হতে না হতেই মিরপুর-৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে আরেক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৩ জুন) রাতে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটিতে একাই থাকতেন সেলিনা। বিষয়টি জানার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিনার স্বামী ও দুই সন্তান কানাডায় বসবাস করেন। প্রায় ১২ বছর আগে দেশে এসে মিরপুরের ওই ফ্ল্যাটে একাই বসবাস করতে শুরু করেন সেলিনা।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ সংবাদমাধ্যমকে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। মরদেহের ময়নাতদন্ত ও ঘটনার তদন্ত শেষ হলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পুলিশের প্রাথমিক ধারণা, গত ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময় মৃত্যু হয়েছে সেলিনার। কেননা, সবশেষ গত ২৬ মে রাতে এক ভাতিজার সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। তারপর থেকে পরিবারের সদস্য বা স্বজনদের কারও সঙ্গে যোগাযোগ হয়নি তার।

এর আগে গত ৩১ মে পল্লবীর একটি বাসা থেকে নুরুজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তার সন্তানরা সরকারের যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষকের মতো উচ্চপদস্থ পদে থাকলেও তিনি একাকী জীবনযাপন করতেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একা বসবাস করা মানুষদের নিরাপত্তা ও সামাজিক বিচ্ছিন্নতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

অমিয়/