জামালপুরে কবি হাসান হাফিজুর রহমানের জীবনী ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকেলে জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শহরের ফৌজদারি মোড়ে জেলা পরিষদের মিলনায়তনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, কবি হাসান হাফিজুর রহমান স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উৎপল কান্তি ধর, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সভাপতি কবি আলী জহির, লেখক ও গবেষক আবু হেনা মোস্তুফা এনামসহ অন্যরা।
এ সময় বক্তারা দেশ ও দেশের সাহিত্যে কবি হাসান হাফিজুরের বিভিন্ন অবদান তুলে ধরে বলেন, হাসান হাফিজুর রহমান ছিলেন কবিদের কবি। ভাষা ও স্বাধীনতা সংগ্রামের পাটাতন যারা তৈরি করে দিয়েছেন, তাদের মধ্যে কবি হাসান হাফিজুর একজন। মাত্র ২১ বছর বয়সে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের প্রথম সংকলন প্রকাশিত করে তিনি ভাষা আন্দোলনের ভিত্তি স্থাপন করে দিয়েছিলেন।
পরে কবি হাসান হাফিজুর রহমানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত রচনা, গ্রন্থপাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
আসিফ//মেহেদী/