চাঁদপুরে পদ্মা- মেঘনা নৌসীমানা মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নৌথানার ওসিসহ অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সকালে পদ্মা-মেঘনার লক্ষ্মীর চর ও কাঁচিকাটা চরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার সময় জেলেরা ইটপাটকেল ছুড়ে মারলে তারা আহত হন।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম ও নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এতে নৌপুলিশের ১০-১২ জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও মতলব উত্তরের মোহনপুর এলাকায় প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন।
এদিকে নৌপুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩ নৌকাসহ ৮৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৩ কোটি ১ লাখ ৫৯ হাজার ৮৬০ মিটার জাল উদ্ধার, ৪৬৭ কেজি ইলিশ এবং ৩৩টি নৌকা জব্দ করা হয়। চারটি মোবাইল কোর্ট ও ৮ মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান, ৩ জনকে ১২ হাজার টাকা জরিমানা ও বাকিদের জেলহাজতে পাঠানো হয়।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষা অভিযানে সকালে নদীতে নামলে আমাদের উদ্দেশ্য করে জেলেরা চাক্কি মারা শুরু করে। এতে আমরা শরীরে বেশ আঘাতপ্রাপ্ত হই। আমি চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
এ বিষয়ে চাঁদপুর নৌপুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রতিদিনই জেলেরা হামলা করেন। এতে আমাদের পুলিশ সদস্যরা প্রায়ই আহত হন। আমরা এ ঘটনায় যৌথ অভিযান পরিচালনা করব।
শরীফুল/জোবাইদা