বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকা ডুবে তিনজন নিখোঁজের খবর পাওয়া গেছে।
বুধবার (২৫ অক্টোবর) রাতে থানচির ১ নম্বর রেমাক্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আদা ম্রো পাড়ায় সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে তারা নিখোঁজ হন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- রেমাক্রি ইউনিয়নের অংলে খুমি পাড়ার বাসিন্দা লংবে খুমি (৪৫), লংরে খুমি (২১) ও চয়অং খুমি পাড়ার বাসিন্দা ছাই খুমি (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৫ অক্টোবর) সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন নৌকা নিয়ে রেমাক্রী বাজারে আসেন বাজার করতে। পরে সন্ধ্যর আগে বাড়ি ফেরার পথে সাঙ্গু নদীর পানির আকস্মিক বেড়ে যাওয়ায় ইঞ্জিনচালিত নৌকাটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। পরে সাঁতরে ছয়জন তীরে উঠলেও বাকি তিনজন স্রোতে ভেসে যান।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর সত্যতা নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, ‘নৌকা ডুবে তিনজন নিখোঁজের সংবাদ পেয়েছি। এলাকাটি দুর্গম হওয়ায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে ফায়ার সার্ভিস ও পুলিশকে দ্রুত উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে।’
রিজভী রাহাত/সাদিয়া/অমিয়/