যুক্তরাষ্ট্রে বসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। মনোনয়ন পেলে দেশে ফেরার প্রস্তুতিও নিয়ে রেখেছেন তিনি।
আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তারের আসন (কক্সবাজার-৪) থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শফিউল আলম। তার মনোনয়ন নেওয়ার খবরে কক্সবাজারজুড়ে বেশ আলোচনা চলছে।
শফিউল আলমের ছোট ভাই কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম জানান, শফিউল আলম অনলাইনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নৌকার মনোনয়ন পেলে তিনি দেশে আসবেন।
তিনি আরও বলেন, ‘মনোনয়ন পাওয়ার বিষয়ে আমরা শতভাগ আশাবাদী। যদি মনোনয়ন পান তাহলে তিনি দেশে ফিরবেন।’ মনোনয়ন পেলে ভাইয়ের জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
এ ব্যাপারে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা বলেন, ‘শফিউল আলম মনোনয়ন চাওয়ায় আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে হতাশা কাজ করছে। দলের নেতা-কর্মীদের সঙ্গে শফিউলের কোনো যোগাযোগ নেই। তিনি মনোনয়ন পেলে নির্বাচন করা কঠিন হবে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘শফিউল আলম দীর্ঘদিন ধরে সরকারি আমলা হিসেবে চাকরি করেছেন। চাকরি থেকে অবসরের পর দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।’
শফিউল আলমের মনোনয়ন চাওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।
মুহিব/ইসরাত/সালমান