চট্টগ্রামে তিন তাসের জুয়ার ফাঁদে ফেলে কৌশলে মোবাইল ছিনতাই শুরু করেছে ছিনতাইকারী চক্রগুলো। এ অভিযোগে ছিনতাই হওয়া মোবাইলসহ দুইজনকে গ্রেপ্তার করছে পুলিশ।
রবিবার (১৭ ডিসেম্বর) রাত রাত সাড়ে ৮টায় নগরীর অক্সিজেন মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা।
থানা সূত্রে জানা যায়, অভিযোগ পেয়ে ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে পুলিশ। নগরীর অক্সিজেন পাঠানপাড়ায় মাতৃস্নেহ মুদি দোকানের সামনে পথচারী সাইফুল ইসলামকে জুয়া খেলায় বাধ্য করে। এ সময় সাইফুল জুয়া খেলতে অস্বীকার করলে তাকে ছুরির ভয় দেখিয়ে ওয়ান প্লাস এন২০ ব্রান্ডের মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা ছিনিয়ে নেয়। থানায় অভিযোগ করলে পুলিশের একটি দল ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের মোবাইলসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, বায়েজিদ বোস্তামী থানার মধ্যম শহিদনগর এলাকার মো. ফোরকান (৪৫) ও একই এলাকার মো. ইব্রাহিম (৩৫)।
ওসি সনজয় কুমার সিনহা খবরের কাগজকে বলেন, ভূক্তভোগী সাইফুল ইসলাম (২২) একজন দিনমজুর। তিনি বোনের বাড়িতে এসেছিলেন। রাতে কক্সবাজারের কতুবদিয়ার নিজ বাড়িতে ফেরার সময় তার সঙ্গে এ ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে ছুরি প্রদর্শন করে মোবাইল ছিনতাই বেড়েছে। আবার ছিনতাইকারীরা কৌশল পাল্টে জুয়া খেলতেও বাধ্য করছে। আমরা চক্রগুলোকে গ্রেপ্তারে তৎপর রয়েছি।’
এম কে মনির/জোবাইদা/অমিয়/