নেতা কর্মীদের মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে। তারা সাময়িক প্রভাবশালী। মাদক ব্যবসা ছেড়ে দেন। না ছাড়লে কেউ যদি গর্তে পড় যায়, উদ্ধার করার কোনো লোক থাকবে না।
শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১৭ বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি মাদকের ব্যবসা করে, ওসিকে বলেছি আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে। আমার আপনার তদবির করার কোনো সুযোগ থাকবে না।
নারী উন্নয়নে নারী বান্ধব হিসেবে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছে। ওই টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা।
তিনি বলেন, সরকারের এই সহযোগিতার কারণ হচ্ছে–একজন মা তিনি যদি এই সহযোগিতাটা পান, তিনি যদি সচেতন থাকেন, তিনি যদি তার পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সরকারের এই সহযোগিতার কারণে যদি তার ছেলেমেয়ে শিক্ষায় শিক্ষিত হতে পারে, পুরো জাতি শিক্ষিত হবে। তাহলে এই টাকাটাও ইনভেস্ট। এই টাকাটাও আমরা ইনভেস্ট করতেছি।
এ সময় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান ও দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।
মোহাম্মদ রফিকুল ইসলাম/এসএন