বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে, একইভাবে জ্বালানি তেলের দামও কমবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (৩ জুলাই) যশোর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশ্বাস দেন তিনি।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘এলপিজি গ্যাসের ৯৮ ভাগই আমদানি করতে হয়। যা পুরোপুরি বেসরকারি খাত নির্ভর। মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের মা বোনদের সংসার চালাতে কষ্ট করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যখনই বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, তখনই আমরা মূল্য সমন্বয় করেছি। যা দেশের মানুষের সংসার পরিচালনায় স্বস্তি এনে দিবে। যখনই সুযোগ হবে তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে সস্তিতে আনা হবে।’
ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশোডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এই তপ্ত গ্রীষ্ম বিদ্যুত সেবা নিশ্চিত করা নিয়ে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। কয়েক জায়গায় বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ উঠেছে। আমরা প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার করেছি। সেখানে যোগাযোগ করে সমস্যা সমাধান করার নির্দেশনাও দিয়েছি।'
তিনি বলেন, ‘বিএনপি জনগণের সরকার। জনগণকে সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচআর তুহিন/থিওটোনিয়াস/রিফাত/