কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে ফাতেমা ইয়াসমিন ও জান্নাতুল ফেরদাউস নামে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২জুলাই) সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের সাকছি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা ইয়াসমিন উপজেলার চিওড়া ইউনিয়নের মো. দাউদের মেয়ে এবং জান্নাতুল ফেরদাউস একই এলাকার আব্দুল কাদেরের মেয়ে। এর মধ্যে ফাতেমা নগর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এবং জান্নাতুল চতুর্থ শ্রেণির ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদাউস।
তাদের প্রতিবেশী হোসেন মিয়া বলেন, বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে সকাল ১০টার দিকেফাতেমা ও জান্নাতুলকে গোসল করতে পুকুরে যেতে দেখেছি। কিছুক্ষণ পরে আবার এসে দেখি তারা পুকুর ঘাটে নেই। বাড়ির লোকজনকে জিজ্ঞেস করলে তারা কিছু জানাতে পারে না। এ সময় পুকুরের পানিতে বুদবুদ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আমি পানিতে নেমে দুজনকে উদ্ধার করি। পরে স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল মোস্তফা জানান, হাসপাতালে আনার আগেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
জহিরুল/রিফাত/