নারীর সৌন্দর্যের অন্যতম বাহক তার চুল। প্রায় প্রতিটি নারী তার চুলের যত্ন ও পরিচর্যায় যথেষ্ট সচেতনতা অবলম্বন করেন। অধিকাংশ নারীর লম্বা চুল পছন্দ, তবে ব্যতিক্রমও রয়েছে। কেউ কেউ চুল ছোট রাখতে পছন্দ করেন।
যারা লম্বা চুল পছন্দ করেন তারা চুলের দৈর্ঘ্য বৃদ্ধি করতে এবং চুলের গুণমান রক্ষায় প্রতিনিয়তই চুলের যত্ন করেন। লম্বা চুল শুধু সৌন্দর্যের বিষয়বস্তু নয় বরং ধৈর্য, অধ্যাবসায় এবং অদম্য ইচ্ছাশক্তি ও আকাঙ্ক্ষার প্রতীক।
চুলের দৈর্ঘ্য বৃদ্ধির মাধ্যমে অনেকেই তাদের নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
এমনই একজন চীনা নারী যার নাম শি কিউপিং (Xie Qiuping)। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী সবচেয়ে লম্বা চুলের অধিকারী এই নারী। তিনি ১৯৭৩ সাল থেকে চুল বড় করা শুরু করেন এবং ২০০৪ সালের ৮ মে তার চুলের দৈর্ঘ্য ৫.৬২৭ মিটার (১৮ ফুট ৫.৫৪ ইঞ্চি) পরিমাপ করা হয়েছিল গিনেস রেকর্ডে। এত লম্বা চুল সামলানো নিছক সৌন্দর্যের ব্যাপার নয়; এটি নিয়মিত যত্ন, শ্রম এবং অসাধারণ ধৈর্যের ফল।
১৯৭৩ সালে শি কিউপিং তখন মাত্র ১৩ বছর বয়সী একজন কিশোরী। তখন থেকেই তিনি মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হন যে, তিনি আর কখনো চুল কাটবেন না। সেই সময় শুধু চুল লম্বা করাই ছিল তার একমাত্র আকাঙ্ক্ষা। তখন কল্পনা করেননি যে এই চুলের কারণেই তিনি একদিন বিশ্বের একজন বিখ্যাত নারী হিসেবে পরিচিত হবেন। বিশ্বজুড়ে তার চুল নিয়ে আলোড়ন সৃষ্টি হবে।
এত লম্বা চুল রাখা কোনো সহজ ব্যাপার নয়। প্রতিদিন চুলের যত্ন নেওয়া যেমন- চুল ধোয়া, শুকানো ও আঁচড়ানো তার জন্য ছিল এক বিরাট কাজ। জানা যায়, তার এই লম্বা চুল ধোয়া ও শুকাতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যেত। শুধু তাই নয়, চুল যেন মেঝেতে টেনে না যায় বা ময়লা না হয়, সে জন্যও তিনি সতর্ক থাকতেন। অনেক সময় চুলকে গুটিয়ে মাথার ওপর বা শরীরের চারপাশে পেঁচিয়ে রাখতে হতো। এত লম্বা চুলের ভারও ছিল বেশি। লম্বা ও ঘন চুল বহন করা অনেক সময় তার জন্য শারীরিক কষ্টের কারণ হয়ে দাঁড়াত। তবে এই কষ্টও তিনি হাসিমুখে সহ্য করেছেন। কারণ তার কাছে এটি কেবল সৌন্দর্যের বিষয় নয়, বরং এক ধরনের গর্ব ও আত্মপরিচয়ের প্রতীক।
শি কিউপিংয়ের এই দীর্ঘ যাত্রায় তার পরিবারের বিশেষ অবদান ছিল। এত বিশাল চুল একা সামলানো সব সময় সম্ভব হতো না। চুল ধোয়া বা আঁচড়ানোর সময় পরিবারের সদস্যরা সাহায্য করতেন। তাদের সহযোগিতা ছাড়া এই রেকর্ড হয়তো সম্ভব হতো না।
মজার বিষয় হলো, তিনি যেখানেই যেতেন, মানুষ বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে থাকত। লম্বা চুলের কারণে তিনি সর্বত্র আলাদা করে চিহ্নিত হতেন। অনেকে প্রশংসা করতেন, আবার কেউ কেউ বিস্ময়ভরা চোখে তার কাছে জানতে চাইতেন কীভাবে তিনি এত চুল সামলান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠার পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। বিভিন্ন সংবাদমাধ্যম, টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়। যার ফলে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন।
শি কিউপিংয়ের লম্বা চুল কেবল একটি বিশ্বরেকর্ড নয়, এটি ধৈর্য ও দৃঢ় মানসিকতার প্রতীক। পৃথিবীতে অসংখ্য মানুষ সৌন্দর্যের জন্য চুল বড় করে, আবার অনেকে সামান্য ঝামেলায় বা হাল ফ্যাশনে গা ভাসিয়ে চুল কেটে ফেলে দেয়। কিন্তু শি কিউপিং প্রমাণ করেছেন, দৃঢ়প্রতিজ্ঞা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। তার চুল যেন তার জীবনদর্শনের প্রতিফলন— ‘ধৈর্য ধরো, তা হলে ফল আসবেই।’
শি কিউপিংয়ের এই কাহিনি আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো সঠিক সিদ্ধান্ত মানুষকে ইতিহাসে স্থান করে দেয়।
তারেক/
.jpg)
.jpg)
.jpg)