বিশ্বের সুখী দেশ বলা হয় ইউরোপের দেশ ফিনল্যান্ডকে। তর্কসাপেক্ষে সুখী দেশ নির্ণয়ের হয়তো বিভিন্ন মানদণ্ড থাকতে পারে। সেসব মানদণ্ডের বিচারে সুখী দেশে মানুষের মৌলিক অধিকার বাসস্থান নিশ্চিত করাও হয়তো থাকতে পারে। কেননা ফিনল্যান্ডে গৃহহীন মানুষের সংখ্যা খুবই কম। অবশ্য খুবই কম বললে ভুল হবে, নেই বললেই চলে। দেশটির সরকার প্রতিটি নাগরিকের বাসস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর। ইউরোপের বিভিন্ন দেশে গৃহহীনদের দেখা মিললেও ফিনল্যান্ডে সেই দৃশ্য দেখা যায় না।
ফিনল্যান্ডে গৃহহীন মানুষের সংখ্যা কমানোর পেছনে আছে সরকারি প্রকল্প। মানুষের মৌলিক অধিকারের একটি বাসস্থান। নর্ডিক জাতি প্রত্যেক নাগরিকের বাসস্থান নিশ্চিত করতে ‘হাউজিং ফার্স্ট’ নামে প্রকল্প হাতে নিয়েছে। এটি কোনো দাতব্য সংস্থা বা এনজিও প্রকল্প নয়। এটি সরকারি ও জাতীয় প্রকল্প। ২০০৮ সালে ফিনিশ সরকার দীর্ঘমেয়াদি গৃহহীনতা দূর করার লক্ষ্যে ‘হাউজিং ফার্স্ট’ নীতি চালু করে। এটি একটি মানবাধিকারভিত্তিক প্রকল্প, যা আবাসন এবং সামাজিক পরিষেবা প্রদান করে। রাজ্য, শহর, পৌরসভা এবং স্থানীয় বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) মধ্যে অংশীদারত্বের মাধ্যমে, প্রকল্পটি ধীরে ধীরে প্রচলিত স্বল্পমেয়াদি আশ্রয়কেন্দ্রের ওপর নির্ভরতা হ্রাস করার পাশাপাশি সেগুলোকে সাশ্রয়ী মূল্যের ভাড়া করা আবাসন ইউনিটে রূপান্তরিত করেছে। যার ফলে ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ফিনল্যান্ডে দীর্ঘমেয়াদি গৃহহীনতার সম্মুখীন ব্যক্তিদের সংখ্যা ৬৮ শতাংশ হ্রাস পেয়েছে।

‘হাউজিং ফার্স্ট’ নীতির নীতিনির্ধারকরা মনে করেন একটি একটি স্থিতিশীল আবাসন নিজেই মানসিক স্বাস্থ্য সমস্যা, অন্যের ওপর নির্ভরশীলতা, আর্থিক অস্থিরতা বা বেকারত্বের মতো অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলার ভিত্তি। হাউজিং ফার্স্টের অধীনে গৃহহীনতার সম্মুখীন ব্যক্তিদের প্রথম পদক্ষেপ হিসেবে ভাড়া চুক্তির মাধ্যমে স্থায়ী স্বাধীন আবাসন প্রদান করা হয় এবং অতিরিক্ত সহায়তা পরিষেবা উপলব্ধ থাকে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, চাকরি সহায়তা, শিক্ষা পরিষেবা এবং ব্যক্তিগত চাহিদা অনুসারে মনোসামাজিক সহায়তা। রাজধানী হেলসিংকিতে আবাসন প্রকল্প নেওয়া হয়। প্রায় ৮০ শতাংশ গৃহহীন মানুষ এই সুবিধা পায়।
১৯৮০-এর দশকের শেষদিকে ফিনল্যান্ডে ১৮,০০০-এরও বেশি মানুষ গৃহহীনতার সম্মুখীন হয়েছিল। হাউজিং ফার্স্ট এবং এর সঙ্গে সম্পর্কিত জাতীয় আবাসন কৌশল গ্রহণের পর থেকে স্থিতিশীল আবাসনবিহীন মানুষের সংখ্যা ক্রমাগত হ্রাস পেয়েছে। ২০২০-এর দশকের গোড়ার দিকে ফিনল্যান্ডের গৃহহীন জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। রাস্তায় ঘুমানো মানুষের দৃশ্য এখন বিরল। বিভিন্ন সংগঠন সাশ্রয়ীমূল্যে আবাসন সরবরাহ করছে। ফিনল্যান্ডের এই সাফল্যের পেছনে আছে সরকারি নেতৃত্ব। দেশটি জাতীয়ভাবে এই ‘হাউজিং ফার্স্ট’ প্রকল্প গ্রহণ করে। এই উদ্যোগটি চালু হওয়ার পর থেকে ফিনল্যান্ড গৃহহীন জনসংখ্যা ১৯৮৭ সালের ১৮,০০০ থেকে কমে ২০১৭ সালে ৬,৬০০-এ নিয়ে এসেছে। ফিনল্যান্ডের লক্ষ্য এই সংখ্যা ২০২৭ এর মধ্যে শূন্যে নামিয়ে আনা। ফিনল্যান্ডের এই উদ্যোগ নাগরিক অধিকার রক্ষায় এক অনন্য উদাহরণ।
তারেক/
.jpg)
.jpg)