বর্তমান তেল সংকটের কারণে সারা দেশে লোডশেডিং অনেক বেড়েছে। বিদ্যুৎ খরচ কমাতে সরকার ইতোমধ্যে বিদ্যুৎ ব্যবহারে সংকোচনের জন্য নানা নির্দেশনা জারি করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর সম্ভাবনাও তৈরি হয়েছে। দেশের এমন সংকটকালীন পরিস্থিতিতে সচেতন নাগরিক হিসেবে সবারই উচিত বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া। কিন্তু বাস্তবতায় ভিন্ন চিত্র লক্ষ্য করা যায়। অফিস, ক্লাসরুম, ব্যবসাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি-সবখানেই প্রতিনিয়ত বিদ্যুৎ অপচয় হয়। সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ অপচয়ের মাত্রা লাগামহীন। লোক না থাকলেও সারাক্ষণ রুমে ফ্যান, লাইট চলতে থাকে। অনেকেই বিদ্যুৎ চলে গেলে সুইচ বন্ধ না করেই বাইরে যান, ফলে বন্ধ ঘরে অজান্তেই ফ্যান, লাইট চলতে থাকে ঘণ্টার পর ঘণ্টা। এ ছাড়া, অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করে থাকে, যা ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ নষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এ ব্যাপারে জনসচেতনতা তৈরির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠনে বিদ্যুৎ অপচয় রোধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
মো. জাহিদ হাসান
শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া