ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেল ট্যাঙ্কার লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে বলে দাবি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর তথ্যানুযায়ী হুতিদের চিহ্নিত করা সৌদি পতাকাবাহী এনসেলিয়া নামক একটি ট্যাঙ্কার লোহিত সাগরে হামলার শিকার হয়েছে।
হুতি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আক্রান্ত ট্যাঙ্কার দুটির নাম 'এনসেলিয়া' এবং 'লায়লা'। ইরান-সমর্থিত গোষ্ঠীটির দাবি, সৌদি আরবের বিরুদ্ধে তাদের আরোপিত সামুদ্রিক অবরোধ অমান্য করায় একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাহায্যে জাহাজ দুটিকে লক্ষ্যবস্তু করা হয়।
একটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে, লোহিত সাগরে সৌদি আরবের জিজান বন্দরের বহিরঙ্গন এলাকায় অবস্থানকালে 'এনসেলিয়া' ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজে আগুন ধরে যায়। হামলার পরপরই জাহাজটি ভিএইচএফ বার্তার মাধ্যমে জরুরি সাহায্যের আবেদন জানায়।
এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কারে হামলার দাবি করার পর, একটি আন্তর্জাতিক সমুদ্রপথে সৌদি একটি কোম্পানির মালিকানাধীন জাহাজ হামলার শিকার হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-কে দেওয়া এক বিবৃতিতে একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, 'সৌদি একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন ‘এনসেলিয়া’ নামক জাহাজটি লোহিত সাগরে চলাচলকালে হামলার শিকার হয়। এতে জাহাজটির সামনের অংশে আগুন ধরে যায়।'
তবে স্বস্তির বিষয় হলো, ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে জাহাজে থাকা সমস্ত ক্রু সদস্য সম্পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ রয়েছেন। সূত্র: দ্য ডন
আজহার/