প্রতি বছর জুলাই থেকে অক্টোবরের মধ্যে পূর্ব আফ্রিকাজুড়ে বিশ্ব প্রাকৃতিক বিস্ময়ের অন্যতম এক দৃশ্য ফুটে ওঠে। 'গ্রেট মাইগ্রেশন' বা মহাপ্রস্থান নামে পরিচিত এই ঘটনায় ঋতুভিত্তিক বৃষ্টির পর নতুন সবুজ ঘাসের খোঁজে ১৫ লাখেরও বেশি ওয়াইল্ডবিস্ট এবং তাদের সঙ্গে হাজার হাজার জেব্রা ও গেজেল তানজানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক থেকে কেনিয়ার মাসাই মারায় পাড়ি জমায়।
মারা নদীর নাটকীয় পারাপার যেখানে বিশাল পালের দল কুমিরে ভরা নদী পার হওয়ার ঝুঁকি নেয় এবং নদীর তীরে শিকারী প্রাণীরা অপেক্ষায় থাকে এই মহাপ্রস্থানকে পৃথিবীর অন্যতম সেরা প্রাকৃতিক দৃশ্যে পরিণত করেছে। স্থানান্তরিত হওয়া এই প্রাণীর পাল মূল আকর্ষণ হলেও, মাসাই মারা এ সময় আফ্রিকার আরও অনেক বিখ্যাত প্রাণীর মিলনমেলায় পরিণত হয়।
গ্রেট মাইগ্রেশনের সময় মাসাই মারায় দেখা মেলে উল্লেখযোগ্য ৭ প্রাণীর।
ওয়াইল্ডবিস্ট
মহাপ্রস্থানের আসল তারকা হলো এই ওয়াইল্ডবিস্ট। তারা দিগন্তজুড়ে বিশাল পালে একসঙ্গে চলাফেরা করে। একসঙ্গে নদী পার হওয়া এবং নতুন ঘাসের সন্ধানে নিরন্তর পথচলাই এই বার্ষিক ঘটনাটিকে সংজ্ঞায়িত করে।
প্লেইনস জেব্রা
ওয়াইল্ডবিস্টের সঙ্গেই দল বেঁধে ভ্রমণ করে হাজার হাজার প্লেইনস জেব্রা। তারা সাধারণত তুলনামূলক লম্বা ঘাসগুলো আগে খায়, যার ফলে ওয়াইল্ডবিস্টরা নিচের ছোট কচি ঘাসগুলো খাওয়ার সুযোগ পায়। এদের গায়ের চোখধাঁধানো কালো-সাদা দাগ ছবি তোলার জন্য সবচেয়ে আকর্ষণীয়।
নীল নদের কুমির
মারা নদী হলো আফ্রিকার বিশালাকার নীল নদের কুমিরদের বাসস্থান। নদী পার হওয়ার সময় এই চতুর শিকারীরা পানির নিচে ওৎ পেতে থাকে, যা এই মহাপ্রস্থানের সবচেয়ে রোমাঞ্চকর ও সংবেদনশীল মুহূর্তগুলো তৈরি করে।
সিংহ
প্রচুর শিকারের উপস্থিতির কারণে এখানে সিংহের বড় বড় দল ভিড় জমায়। মাসাই মারা আফ্রিকায় সিংহ শিকার করা, বাবলা গাছের ছায়ায় বিশ্রাম নেওয়া কিংবা বাচ্চাদের দেখাশোনা করার দৃশ্য দেখার অন্যতম সেরা জায়গা।
চিতাবাঘ
মাসাই মারার উন্মুক্ত তৃণভূমি চিতাবাঘের শিকারের জন্য আদর্শ। মহাপ্রস্থানের সময় এই দ্রুতগতির প্রাণীগুলো কচি হরিণ ও ছোট শিকারের সুযোগ নেয়, ফলে এ সময় তাদের দেখা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
লেপার্ড
সিংহের তুলনায় এরা কিছুটা আড়ালে থাকতে পছন্দ করে। তবে প্রায়শই গাছের ডালে বিশ্রাম নেওয়া বা নদীর পাশের বনে শিকারের পিছু নিতে এদের দেখা যায়। এদের চমৎকার ছদ্মবেশ ধারণের ক্ষমতা ও একাকী স্বভাবের কারণে এদের দেখা পাওয়া সত্যিই এক দারুণ অভিজ্ঞতা।
আফ্রিকান হাতি
আফ্রিকান হাতির বিশাল দল সারা বছরই মাসাই মারায় ঘুরে বেড়ায়। মাইগ্রেট করা বা স্থানান্তরিত হতে থাকা হাজার হাজার প্রাণীর পটভূমিতে এই শান্ত দানবদের সোনালী স্যাভানা দিয়ে হেঁটে যেতে দেখা এক অবিস্মরণীয় সাফারি অভিজ্ঞতা। সূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস
তামান্না রুপা/