সারাদেশে আলোচিত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ২৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে এই ঘটনায় আসামিরা জড়িত কি না তা আদালত জানতে চাইলে তারা অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেন।
বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি হয়।
চার্জশিটভুক্ত চার আসামি শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, স্বামী ও ভাশুরের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মনিরুল ইসলাম মুকুলসহ অন্য আইনজীবীরা।
আদালত সূত্রে জানা গেছে, মামলাটিকে জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে প্রসিকিউশনকে আইনি সহায়তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিউকিউটর অ্যাডভাইজর (অ্যাটর্নি জেনারেল সমমর্যাদার সুবিধাপ্রাপ্ত) এহসানুল হক সমাজীকে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ গঠনের শুনানিতে তিনিও অংশ নেন।
শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, মামলার অভিযোগপত্র, মূল আসামির ১৬৪ ধারায় জবানবন্দিসহ অন্য নথির ওপর ভিত্তি করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
সূত্র জানায়, মামলায় শিশুটির বোনের শ্বশুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/২ ধারায় (ধর্ষণের ফলে মৃত্যুর অপরাধ), স্বামী ও ভাশুরকে দণ্ডবিধির ৫০৬ ধারার দ্বিতীয় অংশ (ভয়ভীতি প্রদর্শন) এবং শাশুড়ির বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় (অপরাধের আলামত নষ্টের অভিযোগ) অভিযোগ গঠন করা হয়েছে।
আইনজীবী এহসানুল হক সমাজী সাংবাদিকদের বলেন, ‘এই মামলায় ন্যায়বিচার নিশ্চিতের স্বার্থে বিচারক আসামিদের অবিহিত করেন এবং জানান, তারা চাইলে নিজেদের পক্ষে আইনজীবী নিয়োগ করতে পারবেন। আইনজীবী নিয়োগ করতে হলে কারাবাধি অনুযায়ী আবেদন করতে হবে। এ ছাড়া ওই আসামিরা এই ঘটনার দায় স্বীকার করছেন কি না বিচারক জানতে চাইলে আসামিরা অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেন।’
শ্রাবণ/তাওফিক/