চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় নিখোঁজের চারদিন পর আখতার হোসেন (৫৫) নামে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতিতে লাশটি উদ্ধারে সহায়তা করে গাউছিয়া কমিটির সদস্যরা।
শনিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার ভাটিয়ারী ইমাম নগর এলাকায় এ ঘটনা ঘটে। সকালের দিকে স্থানীয় লোকজন লাশটি পুকুরের কচুরিপানার পানিতে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে তার স্ত্রী ও সন্তানরা ঘটনাস্থলে এসে লাশের গায়ে কাপড় দেখে লাশ শনাক্ত করেন। পরিবারের দাবি তাকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে পুকুরের পানিতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। অর্ধগলিত দেহ উল্টো অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেন।
নিহত আখতার হোসেন নোয়াখালী জেলার মাইজদী থানার মধ্য করিমপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে। আখতার হোসেন একজন ট্রাক (তেলবাহী) চালক। তার স্ত্রী রোকেয়া বেগম চট্টগ্রাম শহরে একটি গার্মেন্টসে চাকরি করেন।
নিহত আখতার উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের মুফিজুর রহমানের ভাড়া বাসায় বিগত ১০/১২ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করতেন বলে জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, পরিকল্পিতভাবে হত্যার পর মৃতদেহ পুকুরের (কচুরিপানা) পানিতে ফেলে দেওয়া হয়েছে।
নিহতের স্ত্রী রোকেয়া বেগম জানান, বুধবার সকালে মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর তার স্বামীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার স্বজন ও কর্মস্থলে যোগাযোগ করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। রোকেয়ার দাবি তার স্বামীকে হত্যা করা হয়েছে।
এরপর গত বৃহস্পতিবার সীতাকুণ্ড মডেল থানায় গিয়ে নিখোঁজের জিডি করেন স্ত্রী রোকেয়া। এদিকে শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহের কাপড় দেখে স্বামীকে শনাক্ত করেন । সেখানে ছেলে-মেয়েরাও উপস্থিত ছিলেন।
সীতাকুণ্ড ফৌজদারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, লাশ উদ্ধার, ঘটনা উদঘাটন এবং আলামত সংগ্রহের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
সীতাকুণ্ড মডেল থানার (তদন্ত) ওসি আবু সাঈদ জানান, সকালে খবর পেয়ে ভাটিয়ারী এলাকার পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এর আগে নিহত আক্তার হোসেনের স্ত্রী রোকেয়া বেগম থানায় নিখোঁজের বিষয়ে জিডি করেন। এর প্রেক্ষিতে দেশের সকল থানায় জিডি পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হচ্ছে।
এআর