চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলার আসামি যুবদল নেতা মো. গিয়াস উদ্দিনকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব-৭। বুধবার (৬ ডিসেম্বর) গিয়াস উদ্দিনকে হাটহাজারীর ইস্টার্ন শপিং সেন্টার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার গিয়াস উদ্দিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকার জহুরুল আলমের ছেলে। তিনি হাটহাজারী থানার ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
র্যাব জানায়, বিএনপির ডাকা অবরোধ চলাকালে গত ২৯ অক্টোবর রাত ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছডি মহাসড়কে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে লাঠিসোঁটা, লোহার রড ইত্যাদি নিয়ে রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, সাধারণ জনগণের মাঝে ভয়ভীতির উদ্দেশ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতিকারীরা। এ সময় ভুক্তভোগী জিসান চৌধুরী (২৩) বাড়ি ফেরার সময় হাটহাজারী পৌরসভা মুন্সি মসজিদের সামনে পৌঁছলে হাটহাজারী থানা এবং পৌরসভা বিএনপির নেতা-কর্মীরা তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। এ ঘটনায় গত ৩০ অক্টোবর হাটহাজারী থানায় ৩৫ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনাময় ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা করেন সেই ভুক্তভোগী।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ‘পলাতক আসামিদের গ্রেপ্তার করতে আমরা গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখি। একপর্যায়ে জানতে পারি মামলার আসামি মো. গিয়াস উদ্দিন হাটহাজারী থানাধীন ইস্টার্ন শপিং সেন্টার এলাকায় অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।’