‘সাবধান হয়ে যান, নৌকায় আসেন, না হয় এলাকা ছাড়েন’। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নৌকার প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের পক্ষে রবিবার (২৪ ডিসেম্বর) নির্বাচনি বক্তব্যে এসব কথা বলেন মোস্তফা কামাল সুমন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।
রবিবার সন্ধ্যায় চান্দিনা উপজেলার নবাবপুর বাজারে নির্বাচনি অফিসে তিনি এ বক্তব্য দেন। তার ওই বক্তব্যের ২১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর পর থেকে শুরু হয় আলোচনা-সমালোচনা। মোস্তফা কামাল মামুন চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের নাটেংগী গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
ছড়িয়ে পড়া ভিডিও বক্তব্যে মোস্তফা কামাল মামুন বলেন, ‘সাবধান হয়ে যান, এখনো সময় আছে, নৌকাতে আসেন, না হয় এলাকা ছাড়েন। কারণ এলাকার কৃষক-শ্রমিক-জনতা-মেহনতি মানুষ এক হয়ে গিয়েছে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তফা কামাল মামুন খবরের কাগজকে বলেন, ‘একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বক্তব্যকে ‘সুপারএডিট’ করে ছড়িয়ে দিয়েছে। আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেব। আমাদের নেতা অধ্যাপক প্রাণ গোপাল দত্ত নির্দেশ দিয়েছেন, আচরণবিধি মেনে প্রচার চালানোর জন্য। আমরা সেভাবেই প্রচার চালাচ্ছি। আমরা বলেছি, নৌকা মানেই উন্নয়ন। আমি সেই কথাই ওই বক্তব্যে বলেছিলাম। কিন্তু এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে।’
জানতে চাইলে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. সোয়াইব বলেন, ‘ওই বক্তব্যের ভিডিওর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের লক্ষ্যে সব প্রার্থী ও সমর্থকের আচরণবিধি মেনে প্রচার চালাতে বলা হয়েছে। তবে অনেকেই তা মানছেন না।’
কুমিল্লা-৭ চান্দিনা আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। তার প্রধান প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এ আসনের সাবেক এমপি অধ্যাপক আলী আশরাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটু। চান্দিনায় আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী টিটুর হাড্ডাহাড্ডি লড়াইলের সম্ভাবনা রয়েছে। নির্বাচনি প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই এই দুই প্রার্থীর সমর্থকরা রয়েছেন ‘হার্ডলাইনে’। এর মধ্যে হামলা-পাল্টাহামলার অভিযোগ উঠেছে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে। আচরণবিধি ভঙ্গ করে গুনেছেন জরিমানাও।