ডামি নির্বাচন বর্জন, সরকার পতন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি আয়োজিত লক্ষ্মীপুরের উপজেলা শহর আলেকজান্ডার বাজারে লিফলেট বিতরণ এবং পদযাত্রা কর্মসূচীতে পুলিশের সঙ্গে দু'পক্ষের ধস্তাধস্তি হয়। এসময় পুলিশ সমাবেশস্থল নিরাপত্তা রক্ষায় ঘিরে রাখে। এতে পদযাত্রায় অংশগ্রহণকারি ৫ জনকে আটক করে পুলিশ। বিএনপি আটককৃতদের নিজেদের কর্মী দাবি করলেও উপস্থিত জনতা বলেছেন তারা সমাবেশ দেখতে আসা উৎসুক জনতা। পরবর্তীতে বিএনপি উপজেলার রামদয়াল বাজারে এসে একই দাবিতে কর্মসূচী পালন করে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে উপজেলা বিএনপি আয়োজিত এই কর্মসূচীতে নেতৃত্ব দেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও রামগতি কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশ্রাফ উদ্দিন নিজান। তার নেতৃত্বে এ লিফলেট বিতরণ ও পদযাত্রার কর্মসূচী পালন করা হয়। পরবর্তীতে উপজেলা বিএনপি রামগতি উপজেলার রামদয়াল বাজারে একই দাবিতে কর্মসূচী পালন করে।
এ কর্মসূচীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উপজেলা বিএনপির আহবায়ক ডা. জামাল উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচী শেষে রামদয়াল বাজারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও রামগতি কমল নগর আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশ্রাফ উদ্দিন নিজান বলেন, সরকারের একতরফা ডামি নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে। অন্যথায় জনতার আন্দোলনে সরকারের এই প্রহসনের নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করে সরকারকে বিদায় নিতে বাধ্য করা হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক তানভীর আহাম্মদ জুয়েল, জহির উদ্দিন বাবর, যুবদল নেতা শিবলী নোমান, জমির আলী, শাহ মোহাম্মদ শিব্বির, সেচ্ছাসেবক দলের শাহ মোহাম্মদ হান্নান প্রমুখ।
রামগতি উপজেলা বিএনপির আহবায়ক ডা. মো. জামাল উদ্দিন জানান, বিকালে রামগতির আলেকজান্ডার বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচন বর্জন, সরকার পতন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির লিফলেট বিতরণ এবং পদযাত্রা কর্মসূচী পালন করার উদ্যোগ নেওয়া হয়। বাজারের উত্তর প্রান্থ থেকে মিছিলটি দক্ষিণ দিকে অগ্রসর হলে পুলিশ মিছিলে বাধা প্রদান করে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ মিছিলে অংশগ্রহণকারি ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায় বলে দাবি করেন তিনি। তবে তিনি তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেননি। পরবর্তীতে বিএনপি উপজেলার রামদয়াল বাজারে এসে একই দাবিতে কর্মসূচী পালন করেছে।
রামগতি থানার অফিসার ইনচার্জ মো. মোসলেহ উদ্দিনকে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় আটককৃতদের ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হয়নি।