ফেনীর সোনাগাজী উপজেলার একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) আনুমানিক ৬টার দিকে উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।
আগুনে বিদ্যালয়ের অফিসকক্ষে থাকা কিছু কাগজপত্র পুড়ে গেছে। আগুন লাগার কারণ উদ্ঘাটনে বিএনপির অসহযোগ আন্দোলন, অন্যদিকে স্কুল ম্যানেজিং কমিটির বিরোধকে মাথায় রেখে তদন্ত করা হচ্ছে বলে জানাল পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ৩শ ৫৪ নারী-পুরুষ ভোটার রয়েছেন। হঠাৎ ভোটের দুইদিন আগে স্কুলের প্রশাসনিক ভবনের শিক্ষক মিলনায়তনে পেছনের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে চেয়ারটেবিল ও আলমিরায় থাকা কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সকালে সোনাগাজী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এবং সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সোনাগাজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার জামিল আহমেদ বলেন, ‘সকাল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে অফিসকক্ষে থাকা কিছু কাগজপত্র ও টেবিল পুড়ে গেছে।’
সোনাগাজী থানার ওসি বলেন, ‘ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির মধ্যে কিছু দ্বন্দ্ব চলছিল। সেই সূত্র ধরেও এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’
সহকারী রিটার্নিং অফিসার ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বিদ্যালয়য়ের অফিসকক্ষের একটি টেবিল ও একটি আলমারিতে থাকা কিছু কাগজপত্র পুড়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ের উল্যাহ জানান, ‘স্কুলের অডিট চলাকালে প্রধান শিক্ষক জয়নাল আবদীনকে অব্যাহতি দেন সভাপতি ডা. আবদুল হক। এ নিয়ে দীর্ঘদিনের চলমান বিরোধেও এই ঘটনা ঘটতে পারে।’
তোফায়েল আহাম্মদ/জোবাইদা/