ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে আড়াই মাসের এক শিশু চুরির ঘটনা ঘটেছে। শিশুটির বাবা শিমুল হোসেন দাবি করেছেন, ২৪ ঘণ্টার মধ্যে তার সন্তানকে উদ্ধার করা না হলে তিনি আত্মহত্যা করবেন।
সোমবার (১০ মার্চ) ইফতারের পর এ ঘটনা ঘটে।
শিশুটির মা হাসি বেগম জানান, হাসপাতালে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়, যিনি সারা দিন বিভিন্ন কাজে তাকে সাহায্য করেন। ইফতারের পর তিনি ওই নারীর কোলে শিশুকে দিয়ে টয়লেটে গেলে ফিরে এসে দেখেন, শিশু ও সেই নারী কেউই নেই।
শিশুটির খোঁজ না পেয়ে পরিবারের লোকজন হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন। স্থানীয়দের অনেকে তাদের সঙ্গে যোগ দেন। শিশুর বাবা শিমুল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার সন্তানকে এনে দিন, না হলে আমি আত্মহত্যা করব!"
এলাকাবাসী বলছেন, হাসপাতালের নিরাপত্তার অবস্থা নাজুক। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, "এখানে রোগীদের অনেক অনিরাপদ পরিবেশে থাকতে হয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার।"
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হাসপাতালের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, বোরকা পরা এক নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যাচ্ছে। পুলিশ শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান বলেন, "আমরা ফুটেজ পর্যালোচনা করছি এবং অভিযুক্ত নারীকে শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত শিশুটিকে উদ্ধারের আশা করছি।"
ঠাকুরগাঁও হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাকিবুল আলম চয়ন বলেন, "এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।"
শিশুর পরিবার ও স্থানীয়রা দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
নবীন হাসান/জোবাইদা/