দিনাজপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন (৪০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রবিবার (২৭ জুলাই) বিকেলে সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের শেখপুরা রেলঘুন্টি এলাকা থেকে তাকে আটক করা হয়।
ফারুক ওই এলাকার বাসিন্দা। পরে তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ভুক্তভোগীর বরাত দিয়ে দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া বলেন, ফারুকের বাড়ি ও শিশুটির বাড়ি পাশাপাশি। শিশুটির বাবা-মা বাড়িতে না থাকায় ফারুক রবিবার বিকেল ৩টার দিকে তাদের বাড়িতে ঢুকে ঘরের দরজা আটকে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনাটি যেন কাউকে না জানায় এজন্য শিশুটিকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। শিশুটির মা বাড়িতে এসে দেখে মেয়েটি কান্না করছে। তাকে জিজ্ঞেস করলে প্রথমে কিছু বলতে সাহস পায়নি। পরে অসুস্থ হয়ে পড়লে মাকে ধর্ষণের ঘটনা জানায় সে।
তিনি আরও জানান, ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ফারুককে রেলঘন্টি এলাকার একটি দোকানে বসে থাকা অবস্থায় এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। অভিযুক্তকে থানায় নিয়ে আসার পথে উত্তেজিত জনতা মারধর করে। পরে পুলিশ তাদের শান্ত করে ফারুককে দিনাজপুর কোতোয়ালি থানায় নিয়ে আসে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে ধর্ষণ মামলা করা হয়েছে এবং ভুক্তভোগীকে ফরেন্সি টেস্ট করানোর জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
সুলতান/রিফাত/