ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত অন্তত ১৬ জুন মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী অবশেষে ইরানকে ১২ বিলিয়ন ডলার ছাড়তে বাধ্য হলো যুক্তরাষ্ট্র কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান এইচএসসির আগেই থেমে যাচ্ছে শিক্ষা সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড মুক্তির আগেই বাজিমাত চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন আত্মিক প্রশান্তি লাভের দারুণ উপায় ৫৪ বছরে প্রথমবার জাতীয় স্বার্থে ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন সেভাবে কাজ করবে: রাষ্ট্রদূত ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০ দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড ভার্চুয়াল শত্রুতার বলি আমার প্রিয় ঠিকানা হালদা নদীর সব মাছেই মিলছে মাইক্রোপ্লাস্টিকের কণা বর্তমান কোচিং স্টাফ থাকলে দলে ফিরবেন না পেপে গুয়ে! ঢাবিতে ২৭৭ প্রজাতির ১৭ হাজারের বেশি গাছ আছে বর্ষাকালের ভাইরাল জ্বর বাংলাদেশের পর্যটনশিল্প বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র ফিনিক্স সামিটে দেশের সেরা জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাব এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক আসামি বরিশালের সাবেক ডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সন্তানের সবচেয়ে বড় যা প্রয়োজন রোনালদোর চেয়েও ছোট! পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে কে এই রহস্যময় রেফারি? ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত সিলেটে ওসমানী হাসপাতালে ডিউটিরত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর ওয়ার্ড বয়দের হামলা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় বাগ্‌দান, পরে গ্রেপ্তার দম্পতি রপ্তানি বাড়াতে পণ্যে বৈচিত্র্য বাড়াতে হবে

চট্টগ্রামে বেড়েছে দেশি পেঁয়াজের ঝাঁঝ

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ এএম
আপডেট: ০১ নভেম্বর ২০২৫, ০৯:৫০ এএম
চট্টগ্রামে বেড়েছে দেশি পেঁয়াজের ঝাঁঝ
বিক্রির জন্য পেঁয়াজ ওজন করছেন এক বিক্রেতা। ছবিটি নগরের হালিশহর এলাকা থেকে তোলা। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে পাইকারিতে পণ্যটির কেজিতে আকারভেদে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। একই হারে দাম বেড়েছে খুচরায়ও। এদিকে পাইকারিতে চায়না আদার দাম কমলেও খুচরায় প্রভাব পড়েনি।

শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতি কেজি দেশি পেঁয়াজ আকারভেদে বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকায়, যা দুই সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৭০ থেকে ৭৫ টাকায়। পাইকারিতে দাম বাড়ায় খুচরায় প্রভাব পড়েছে। খুচরায় কেজিতে আকারভেদে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হয়েছে।

তবে দুই সপ্তাহ আগে পাইকারিতে ১৩০ টাকায় বিক্রি হওয়া চায়না আদার দাম আরও কমেছে। গতকাল পণ্যটি কেজিপ্রতি ১১৫ টাকায় বিক্রি হয়। তবে খুচরা বাজারে দাম কমার কোনো প্রভাব পড়েনি। দুই সপ্তাহ আগে খুচরায় কেজিপ্রতি ১৮০ টাকায় বিক্রি হওয়া চায়না আদা গতকালও একই দামে বিক্রি হয়েছে।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস খবরের কাগজকে বলেন, ‘বর্তমানে খাতুনগঞ্জে দেশি ছাড়া অন্য কোনো পেঁয়াজ নেই। এ ছাড়া দেশি পেঁয়াজের মৌসুমও শেষ হয়ে এসেছে। তাই পাবনা, ফরিদপুর, কুষ্টিয়ায় বেশি দামে বিক্রি হচ্ছে পণ্যটি; যার প্রভাব পাইকারি ও খুচরা বাজারে পড়েছে। আগামী কয়েকদিনের মধ্যে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে মুড়িকাটা পেঁয়াজ আসবে বাজারে। আশা করছি, তখন দাম কমে আসবে।’

নগরের হালিশহর কাঁচাবাজারে পেঁয়াজ, আদা ও রসুন বিক্রেতা মো. জয়নাল জানান, বাজারে এখন ভারতীয় পেঁয়াজ খুব একটা নেই। পুরো বাজার দেশি পেঁয়াজের ওপর নির্ভরশীল। কিন্তু পাইকারিতে পণ্যটির দাম বেড়েছে। তাই খুচরা পর্যায়েও পেঁয়াজের কেজিতে আকারভেদে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। পাশাপাশি চায়না আদার চাহিদা ভালো। কিন্তু সরবরাহ কম থাকায় দামটা এখনো বাড়তি।

এদিকে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। গতকাল বিক্রি হয়েছে ১৮০ টাকায়। তবে দেশি মুরগি আগের ৫৮০ টাকা ও সোনালি মুরগি ৩৪০ টাকায় বিক্রি হয়েছে। তা ছাড়া প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৯৫০ টাকায় ও খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় বিক্রি হয়। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হয়েছে ১৩৫ টাকায়।
 
নগরের হালিশহর কাঁচাবাজারের মুরগি বিক্রেতা মো. এনাম বলেন, ‘ব্রয়লার মুরগির সরবরাহ কম। বাড়তি দাম দিয়ে কিনে আনতে হয়েছে। তাই দাম বেড়েছে।’

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, ‘ভারতে একটি ডিম উৎপাদনে খরচ মাত্র ৫ টাকা, এক কেজি ব্রয়লার ৮০ থেকে ৯০ টাকা। অথচ বাংলাদেশে ডিম ১০ টাকা ও ব্রয়লার ১৫০ থেকে ১৬৫ টাকা খরচে উৎপাদন হচ্ছে। আন্তর্জাতিকভাবে কাঁচামাল সস্তা হলেও দেশীয় সিন্ডিকেট অতি মুনাফার প্রতিযোগিতায় বাজার অস্থিতিশীল করে রেখেছে। 

করপোরেট সিন্ডিকেট ভেঙে দিয়ে ফিড, বাচ্চা, মেডিসিন ও ভ্যাকসিনের দাম সরকার নির্ধারণ, প্রান্তিক খামারিদের সংগঠনকে নীতিনির্ধারণ পর্যায়ে অন্তর্ভুক্ত করাসহ সাত দফা দাবিতে আগামীকাল (শনিবার) থেকে সারাদেশে ডিম-মুরগি উৎপাদন বন্ধ থাকবে। ফিড, বাচ্চা, ওষুধ ও ভ্যাকসিন আমদানি উন্মুক্ত করতে হবে। এতে সিন্ডিকেট দুর্বল হবে, প্রতিযোগিতা বাড়বে এবং খামারিরা কম খরচে উৎপাদন করতে পারবেন। ক্রেতারাও স্বস্তি পাবেন।’

এদিকে গতকাল রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা গেছে, বাজারটিতে প্রতি কেজি ফুলকপি ১০০ টাকা, বাঁধাকপি ৬০, মূলা ও কাঁচা পেঁপে ৪০, বেগুন ৬৫, ঝিঙা ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০, মিষ্টিকুমড়া ৪০, গাজর ১২০, শসা ৭০, করলা ও কাঁকরোল ১০০, ঢ্যাঁড়স, বরবটি ও পটোল ৭০, কচুর লতি ৬০, কাঁচামরিচ ২৬০ ও টমেটো ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু ২০ টাকায় বিক্রি হয়।

মাছের বাজারে প্রতি কেজি পোয়া ২৫০ থেকে ৩০০ টাকা, কোরাল ৭০০, বাগদা চিংড়ি ৮৫০ থেকে ৯০০, রুই ও কাতলা ৩৫০ থেকে ৪৫০, লইট্যা ১৮০, পাবদা ৪০০ থেকে ৪৫০, রূপচাঁদা ৮৫০, তেলাপিয়া ও সিলভার কার্প ২৫০, টেংরা ৮০০, নাইলোটিকা ২২০ ও পাঙাশ ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হয়।

অপরদিকে মুদি দোকানে প্রতি কেজি খেসারি ডাল ১০০ টাকা, মসুর ডাল (মোটা) ১০০, বুটের ডাল ১১০, মুগডাল (ছোট) ১৩০, মাষকলাই ডাল ১৮০, ছোলা ১০০, প্যাকেট ময়দা (দুই কেজি) ১৪০, প্যাকেট আটা (দুই কেজি) ৯০, প্রতি কেজি খোলা সাদা চিনি ১১০, প্যাকেট চিনি ১২০ ও লাল চিনি ১১৫ টাকায় বিক্রি হয়। তা ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ ও প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকায় বিক্রি হয়।

সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম
সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফুটপাত দখল এবং সড়কে অবৈধভাবে অটো ও সিএনজি পার্কিং করায় ১৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানে সোনারগাঁ থানা পুলিশ, আনসার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা অংশ নেন।

প্রশাসন জানায়, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফিডার রোড দীর্ঘদিন ধরে ফুটপাত দখল এবং যত্রতত্র অটো-সিএনজি পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা এবং সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের দায়ে ১৫ জন দোকানদার ও অটো-সিএনজি চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ১৩ জনকে পাঁচ দিনের এবং একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড দেন। এ ছাড়া সড়ক পরিবহন আইনে একজনকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

ইউএনও আসিফ আল জিনাত বলেন, অবৈধ দখল ও সড়কে যত্রতত্র পার্কিং বন্ধে একাধিকবার মাইকিং ও সতর্ক করা হয়েছে। অটো-সিএনজির জন্য নির্ধারিত স্ট্যান্ড থাকা সত্ত্বেও চালকেরা নিয়ম মানছেন না। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে সচেতন করার পরও তারা আইন অমান্য করেছেন। বুধবারও এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সবাইকে সতর্ক করা হয়েছিল। এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আজকের অভিযান সতর্কতামূলক। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী সময়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মোগরাপাড়া চৌরাস্তার দুই পাশে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ কমাতে পরিচালিত অভিযানে ১৫ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দেন। পরে সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইমরান/নাঈম

চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম
চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল-সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আদালতের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় রয়েছে। রায় হাতে পাওয়ার পরই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনাররা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ ও আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় না দেখে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। রায় প্রকাশের পর কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে গত মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-৪ আসনে জয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন। এ রায়ের ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। তবে ওই আসনে পুনর্নির্বাচন হবে, নাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে— সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের ওপর নির্ভর করছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হলেও আপিল বিভাগের পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী তার নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ করা হয়নি। এর আগে হাইকোর্টের এক আদেশে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান। সেই আদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী আপিল করেন। তার অভিযোগ ছিল, ঋণখেলাপি হওয়ায় আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নেওয়ার আইনগত সুযোগ ছিল না।

গত ৩ ফেব্রুয়ারি শুনানি শেষে আপিল বিভাগ আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিলেও, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-৪ আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ না করার নির্দেশ দেন। পরবর্তীতে ১৫ জুন রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয় এবং মঙ্গলবার আপিল বিভাগ চূড়ান্ত রায়ে তার প্রার্থিতা বাতিল করেন। এখন নির্বাচন কমিশনের নজর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের দিকে। সেই রায়ের ভিত্তিতেই চট্টগ্রাম-৪ আসনের ভবিষ্যৎ নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

এলিস/নাঈম

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহন ও ফরিদপুর থেকে ছেড়ে আসা মাগুরাগামী আপন পরিবহনের দুটি বাস করিমপুর এলাকায় পৌঁছালে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস দুইটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

নয়ন/এএফ

এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক আসামি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম
এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক আসামি
ছবি: খবরের কাগজ

নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর এলাকার এক গৃহিনী এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক ছিলেন। দীর্ঘ ৯ বছর পর রংপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই)  দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আসামি উত্তর লালপুুর এলাকার বাসিন্দা।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অর্থ ঋণ সংক্রান্ত একটি মামলায় নাটোর জেলা ও দায়রা জজ ৯ বছর আগে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ডসহ ৬ লাখ ১০ হাজার  টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কিন্তু সাজা এড়াতে তিনি আত্নগোপনে ছিলেন দীর্ঘ ৯ বছর। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুলাই) রাতে ১২ টার দিকে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার আলমনগর মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

কামাল/এএফ

বরিশালের সাবেক ডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
বরিশালের সাবেক ডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল
ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করছেন ছিন্নমূল নারীরা। ছবি: খবরের কাগজ

বরিশালের সদ্য সাবেক জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সুমনের বিরুদ্ধে সেবা বঞ্চনা, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন ছিন্নমূল নারীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচি থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তাদের একটি বৈঠক চলছিল। এ সময় বিক্ষোভের খবর পেয়ে খায়রুল আলম সুমন বৈঠকস্থল ছেড়ে সরকারি বাংলোয় চলে যান।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন সহায়তার জন্য আবেদন করেও তারা কোনো সহযোগিতা পাননি। দায়িত্ব পালনকালে খায়রুল আলম সুমন ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়েছিলেন। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে তাকে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শাহানুর বেগম বলেন, বহুবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েও আমরা কোনো সহায়তা পাইনি। উল্টো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।

আরেক বিক্ষোভকারী পিয়ারা বেগম বলেন, ‘আমরা এমন একজন মানবিক জেলা প্রশাসক চাই, যিনি সুইপার থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা— সবার কথা শুনবেন। জেলার অভিভাবক হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াবেন। কিন্তু সাবেক ডিসি সাধারণ ও দরিদ্র মানুষের কথা শুনতেন না। এমনকি গণশুনানির সময়ও আমাদের তার কক্ষে প্রবেশ করতে দেওয়া হতো না।’

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, খায়রুল আলম সুমন ২০২৫ সালের ১৩ নভেম্বর বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব পালনকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারি অর্থ ব্যয়ে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অতিরিক্ত ভোটকক্ষ ও দুর্গম কেন্দ্র দেখিয়ে বরাদ্দ নেওয়া, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং বিভিন্ন খাতে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে জেলা প্রশাসনের ভেতরেও অসন্তোষ তৈরি হয়। এ- সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পর তথ্য ফাঁসের সন্দেহে
জেলা প্রশাসনের প্রায় ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি করা হয়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত বুধবার সরকার তাকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে পরবর্তী পদায়নের জন্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে।

একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।

সার্বিক বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে খায়রুল আলম সুমন কোনো মন্তব্য না করে সরকারি গাড়িযোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ত্যাগ করেন।

সবুজ/নাঈম