আমাদের শরীরের ধমনীগুলোতে রক্তপ্রবাহের চাপ যখন স্বাভাবিকের চেয়ে সব সময় বেশি থাকে, তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলা হয়। এই সমস্যায় হৃৎপিণ্ডকে শরীরজুড়ে রক্ত পাম্প করতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হয়।
সাধারণত রক্তচাপ পরিমাপ করা হয় মিলিমিটার অব মার্কারি (mm Hg) এককে। যদি কোনো ব্যক্তির রক্তচাপের রিডিং ১৩০/৮০ mm Hg বা তার বেশি হয়, তবে ধরে নেওয়া হয় তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন।
রক্তচাপের বিভিন্ন ধাপ
আমেরিকান কলেজ অব কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন রক্তচাপকে প্রধানত চারটি ভাগে ভাগ করেছে:
◉ স্বাভাবিক: রক্তচাপ যখন ১২০/৮০ mm Hg-এর নিচে থাকে।
◉ উচ্চতর: ওপরের নম্বরটি (সিস্টোলিক) ১২০ থেকে ১২৯ mm Hg এবং নিচের নম্বরটি (ডায়াস্টোলিক) ৮০-এর নিচে থাকে।
◉ প্রথম ধাপের উচ্চ রক্তচাপ: ওপরের নম্বরটি ১৩০ থেকে ১৩৯ mm Hg অথবা নিচের নম্বরটি ৮০ থেকে ৮৯ mm Hg হয়।
◉ দ্বিতীয় ধাপের উচ্চ রক্তচাপ (Stage 2): ওপরের নম্বরটি ১৪০ mm Hg বা তার বেশি অথবা নিচের নম্বরটি ৯০ mm Hg বা তার বেশি হয়।
জরুরি সতর্কবার্তা: রক্তচাপ যদি ১৮০/১২০ mm Hg-এর বেশি হয়ে যায়, তবে তাকে ‘হাইপারটেনসিভ ক্রাইসিস’ বা জরুরি চিকিৎসা অবস্থা বলা হয়। এমন পরিস্থিতিতে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে।
কেন একে ‘নীরব ঘাতক’ বলা হয়?
উচ্চ রক্তচাপের সবচেয়ে বিপজ্জনক দিক হলো, বেশির ভাগ মানুষের ক্ষেত্রে এর কোনো লক্ষণই প্রকাশ পায় না। বহু বছর ধরে কোনো উপসর্গ ছাড়াই এই রোগ শরীরে বাসা বেঁধে থাকতে পারে। তবে মাত্রাতিরিক্ত রক্তচাপ বাড়লে কিছু মানুষের ক্ষেত্রে নিচের লক্ষণগুলো দেখা দিতে পারে:
◉ তীব্র মাথাব্যথা
◉ শ্বাসকষ্ট
◉ নাক দিয়ে রক্ত পড়া
তবে এই লক্ষণগুলো সুনির্দিষ্ট নয় এবং সাধারণত রোগটি যখন মারাত্মক বা জীবনঘাতী পর্যায়ে পৌঁছায়, তখনই কেবল এগুলো দেখা দেয়।
উচ্চ রক্তচাপের কারণ ও প্রকারভেদ
হৃৎপিণ্ড কী পরিমাণ রক্ত পাম্প করছে এবং ধমনীর মধ্য দিয়ে রক্ত চলাচলে কতটা বাধা পাচ্ছে–এর ওপর রক্তচাপ নির্ভর করে। ধমনী যত সরু হবে, রক্তচাপ তত বাড়বে। উচ্চ রক্তচাপ প্রধানত দুই প্রকার:
১. প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন: বেশির ভাগ প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে এই রোগের সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এটি বছরের পর বছর ধরে ধীরে ধীরে শরীরে গড়ে ওঠে। ধমনীতে চর্বি বা প্লাক জমা হওয়া (অ্যাথেরোস্ক্লেরোসিস) এর অন্যতম কারণ।
২. সেকেন্ডারি হাইপারটেনশন: এটি শরীরের অন্য কোনো অন্তর্নিহিত রোগের কারণে হঠাৎ দেখা দেয় এবং এর তীব্রতা বেশি হয়। এর অন্যতম কারণগুলো হলো কিডনির রোগ এবং থাইরয়েডের সমস্যা, অ্যাড্রিনাল গ্রন্থির টিউমার বা জন্মগত হৃদরোগ এবং কিছু ওষুধ (যেমন- ঠাণ্ডার ওষুধ, ব্যথানাশক, জন্মনিয়ন্ত্রণ পিল)। এ ছাড়া মাদক গ্রহণ (যেমন- কোকেন বা অ্যামফিটামিন), অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ঘুমের মধ্যে দম আটকে যাওয়া) থেকেও সেকেন্ডারি হাইপারটেনশন হতে পারে।
(নোট: চিকিৎসকের চেম্বারে গেলে সাময়িক ভয়ের কারণে রক্তচাপ বেড়ে যাওয়াকে ‘হোয়াইট কোট হাইপারটেনশন’ বলে।)
ঝুঁকিতে আছেন কারা
◉ বয়স ও বংশগত কারণ: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর ঝুঁকি বাড়ে। সাধারণত ৬৪ বছর বয়স পর্যন্ত পুরুষদের এবং ৬৫ বছরের পর নারীদের এই রোগ বেশি হয়। এ ছাড়া পরিবারে বাবা-মা বা ভাই-বোনের এই রোগ থাকলে ঝুঁকি বাড়ে।
◉ ওজন বৃদ্ধি ও অলস জীবনযাপন: অতিরিক্ত ওজনের কারণে রক্তনালি ও কিডনিতে পরিবর্তন আসে, যা রক্তচাপ বাড়ায়। শারীরিক পরিশ্রম না করলে ওজন ও হৃৎস্পন্দন দুই-ই বাড়ে।
◉ তামাক ও ধূমপান: ধূমপান বা ভেপিং সাময়িকভাবে রক্তচাপ বাড়ায় এবং ধমনী শক্ত করে ফেলে।
◉ খাদ্যাভ্যাস: খাবারে অতিরিক্ত লবণ (সোডিয়াম) খেলে শরীরে জলীয় অংশ জমে রক্তচাপ বাড়ে। আবার খাবারে পটাশিয়ামের অভাব হলেও লবণের ভারসাম্য নষ্ট হয়।
◉ অতিরিক্ত মানসিক চাপ ও অ্যালকোহল: মানসিক চাপ সাময়িক রক্তচাপ বাড়ায় এবং অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ হৃদরোগের ঝুঁকি তৈরি করে।
◉ শিশুদের ঝুঁকি: ইদানীং অস্বাস্থ্যকর খাবার ও অলসতার কারণে শিশুদের মধ্যেও উচ্চ রক্তচাপ দেখা দিচ্ছে।
বিপজ্জনক জটিলতাসমূহ
অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ শরীরের বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে–
◉ হার্ট অ্যাটাক ও স্ট্রোক: ধমনী শক্ত ও মোটা হয়ে যাওয়ার কারণে এই ঝুঁকি বাড়ে।
◉ অ্যানিউরিজম: রক্তনালি দুর্বল হয়ে ফুলে যেতে পারে, যা ফেটে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে।
◉ হার্ট ফেইলিওর: হৃৎপিণ্ডের দেয়াল মোটা হয়ে এক সময় তা শরীরকে পর্যাপ্ত রক্ত সরবরাহের ক্ষমতা হারিয়ে ফেলে।
◉ কিডনি ও চোখের ক্ষতি: কিডনির কার্যক্ষমতা নষ্ট হতে পারে এবং চোখের রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টিশক্তি কমতে পারে।
◉ মেটাবলিক সিনড্রোম ও ডিমেনশিয়া: এটি ডায়াবেটিস ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যাওয়ার কারণে স্মৃতিশক্তি লোপ পাওয়া বা ‘ভাস্কুলার ডিমেনশিয়া’ হতে পারে।
প্রতিরোধে করণীয়
১৮ বছর বয়সের পর থেকে প্রত্যেকের অন্তত প্রতি দুই বছরে একবার রক্তচাপ পরীক্ষা করা উচিত। ধূমপান বর্জন, নিয়মিত ব্যায়াম, খাবারে লবণের পরিমাণ কমানো এবং পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে সুস্থ থাকা সম্ভব। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ সেবন করতে হবে।


