রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন (রসাটম) আয়োজিত ‘গ্লোবাল অ্যাটমিক কুইজ ২০২৪ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন সাত বাংলাদেশি। অনলাইন এবং অফলাইনে অনুষ্ঠিত এই কুইজে প্রায় ১০০টি দেশের ২৫ হাজারের বেশি বিজ্ঞান অনুরাগীরা অংশ নেন। এদের মধ্যে বাংলাদেশের সাত জনসহ মোট ১০০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। সম্প্রতি গ্লোবাল অ্যাটমিক কুইজের ফলাফল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
এর মধ্যে শীর্ষ তিনজনকে রাশিয়া ভ্রমণের সুযোগ দেওয়া হবে। যাদের মধ্যে একজন বাংলাদেশি।
শনিবার (৩০ নভেম্বর) রসাটম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, ১০ নভেম্বর বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে পঞ্চমবারের মতো এই কুইজের আয়োজন করা হয়। গ্লোবাল অ্যাটমিক কুইজ ২০২৪এর মূল লক্ষ্য ছিল সহজভাবে নিউক্লিয়ার ফিজিক্সের মূল বিষয়গুলো ব্যাখ্যা করা, প্রাত্যহিক জীবনে পরমাণু প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা এবং পৃথিবীর সুরক্ষায় নিউক্লিয়ার ফিজিক্সের ভূমিকা সম্পর্কে অবহিত করা।
মোট ১৩টি ভাষায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যার মধ্যে ছিল ইংরেজি, বাংলা, রুশ, হাঙ্গেরিয়, স্প্যানিয়, পর্তুগিজ, কিরগিজ, কাজাখ, মঙ্গোলিয়, তুর্কি, উজবেক, আরবি ও ইন্দোনেশিয়।
বিভিন্ন টপিকের ওপর ২৫টি প্রশ্ন কুইজে অন্তর্ভূক্ত ছিল। পরমাণু প্রযুক্তি ব্যবহার করা হয় এমন মূল পাঁচটি ক্ষেত্রের ওপর প্রশ্ন সাজানো হয়। এ সব ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ‘এনার্জি ও পরিবেশ’, ‘পরমাণু বিজ্ঞান’, ‘শিল্প ও পরিবহণ’, ‘স্বাস্থ্য’, এবং ‘খাদ্য ও কৃষি।’
অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়েছে। অন্যদিকে বিজয়ীদের আকর্ষণীয় ‘অ্যাটমিক পাজল’ দেওয়া হয়।
বৃহৎ জনগোষ্ঠীকে আকৃষ্ট করা এবং পরমাণু প্রযুক্তিকে জনপ্রিয় করার লক্ষ্যে বিশ্বজুড়ে রসাটম শিক্ষা অবকাঠামো নেটওয়ার্কে ২৫টি তথ্যকেন্দ্র পরিচালিত হচ্ছে। ২০২৩ সালে দুই লাখ ৮০ হাজারের অধিক মানুষ এই তথ্যকেন্দ্রগুলো পরিদর্শন এবং বিভিন্ন প্রোগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছেন।
জাহাঙ্গীর হোসেন/জোবাইদা/অমিয়/


