বৃহস্পতি গ্রহের চতুর্থ বৃহত্তম চাঁদ হিসেবে পরিচিত ‘আইও’তে সৌরজগতের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি নাসার পাঠানো ‘জুনো’ মহাকাশযান সেখানে এক বিশাল অগ্ন্যুৎপাতের ঘটনা শনাক্ত করেছে, যা বিজ্ঞানীদের বিস্মিত করেছে।
জুনো মহাকাশযানের পাঠানো তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আশপাশে প্রায় ৮০ ট্রিলিয়ন ওয়াট তাপশক্তি উৎপন্ন হয়েছে, যা পৃথিবীর সব বিদ্যুৎকেন্দ্রের মোট শক্তি উৎপাদনের ছয়গুণ বেশি।
জুনো মহাকাশযানটির জোভিয়ান ইনফ্রারেড অরোরাল ম্যাপার (জির্যাম) যন্ত্রের মাধ্যমে আগ্নেয়গিরির অবস্থান শনাক্ত করা হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের এলাকা প্রায় ১ লাখ ৫ হাজার বর্গকিলোমিটার, যা আইও চাঁদের সবচেয়ে বড় আগ্নেয়গিরির কাঠামো বলে ধারণা করা হচ্ছে।
নাসার জুনো মিশনের প্রধান গবেষক স্কট বোল্টন বলেন, অগ্ন্যুৎপাতের তীব্রতা আমাদের ধারণার চেয়েও বেশি ছিল। জুনোর পাঠানো সর্বশেষ তথ্যানুযায়ী, এটি সৌরজগতের অন্যতম শক্তিশালী আগ্নেয়গিরি।’
জুনো মহাকাশযান আইও চাঁদে অগ্ন্যুৎপাতের বেশ কিছু চিত্র ধারণ করেছে। যেখানে দেখা গেছে, চাঁদটির বিশাল অংশ অন্ধকারাচ্ছন্ন। ধারণা করা হচ্ছে, অগ্ন্যুৎপাতের ফলে লাভায় ঢেকে যাওয়ায় চাঁদটির বড় অংশ অন্ধকারে ঢেকে গেছে।
আইওতে এই অগ্ন্যুৎপাতের ঘটনা সৌরজগতের আগ্নেয়গিরি-সংক্রান্ত গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পৃথিবীর বাইরের আগ্নেয়গিরির কার্যকলাপ সম্পর্কে আরও বিশদভাবে জানতে এই পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: গ্যাজেটস৩৬০


