মহাকাশে স্থাপিত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়ল ইউরেনাসের নতুন এক উপগ্রহ। চলতি বছরের ২ ফেব্রুয়ারি তোলা ছবিতে ছোট্ট এই চাঁদ শনাক্ত করা হয়েছে। এ আবিষ্কারের ফলে বরফশীতল এই গ্রহটির মোট উপগ্রহ বা চাঁদের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯টি।
নতুন আবিষ্কৃত চাঁদটি আকারে খুবই ছোট, এর ব্যাস মাত্র ৬ মাইল বা প্রায় ১০ কিলোমিটার। এটি ইউরেনাসের কেন্দ্র থেকে প্রায় ৩৫ হাজার মাইল দূরে একটি প্রায় বৃত্তাকার কক্ষপথে গ্রহটিকে প্রদক্ষিণ করছে। বিজ্ঞানীদের ধারণা, এটি সম্ভবত বর্তমান অবস্থানের কাছাকাছি গঠিত হয়েছিল।
জেমস ওয়েব টেলিস্কোপের নিয়ার-ইনফ্রারেড ক্যামেরায় তোলা ৪০ মিনিট দীর্ঘ এক্সপোজারের ১০টি ছবি পর্যবেক্ষণ করে গবেষকেরা উপগ্রহটির অস্তিত্ব নিশ্চিত করেন। আবিষ্কারের নেতৃত্বে ছিল যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের একটি দল।
ইউরেনাসের ৫টি প্রধান উপগ্রহ ও ১৩টি ছোট উপগ্রহের পাশাপাশি আরও ১০টি অনিয়মিত উপগ্রহ রয়েছে। নতুন এই চাঁদটিও সেই ছোট চাঁদগুলোর দলেই যোগ দিল। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (আইএইউ) অনুমোদন দেওয়ার পর এর আনুষ্ঠানিক নামকরণ করা হবে।
এসইটিআই ইনস্টিটিউটের গবেষক ম্যাথিউ টিসকারেনো বলেন, ‘অন্য কোনো গ্রহের এত বেশি সংখ্যক ছোট নিজস্ব চাঁদ নেই। গ্রহটির বলয়ের সঙ্গে এই চাঁদগুলোর জটিল সম্পর্ক এক অস্থির অতীতের ইঙ্গিত দেয়।’ তিনি আরও বলেন, নতুন চাঁদটি আগের আবিষ্কৃত সবচেয়ে ছোট চাঁদটির চেয়েও ছোট ও অনুজ্জ্বল।’
বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার ইউরেনাসের উপগ্রহ ও বলয় ব্যবস্থার গঠন প্রক্রিয়া সম্পর্কে নতুন দিগন্ত খুলে দেবে।


