যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ‘কলম্বাস জু অ্যান্ড অ্যাকোয়ারিয়াম’ তাদের প্রায় ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এক ক্যালেন্ডার বছরে দুটি এশিয়ান হাতি শাবকের জন্ম উদ্যাপন করছে। এই ঘটনাকে বিপন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণে একটি বড় ‘জয়’ হিসেবে দেখছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার রাত ১০টা ৪১ মিনিটে মা হাতি ‘ফোবি’ একটি পুরুষ শাবকের জন্ম দেয়। ৩৮ বছর বয়সী ফোবির এই শাবকের ওজন প্রায় ১০০ কেজি।
তবে দর্শনার্থীরা এখন এই নতুন অতিথিকে দেখতে পাচ্ছেন না। মা ও শাবকের মধ্যে নিরবচ্ছিন্ন বন্ধন নিশ্চিত করতে এবং চিড়িয়াখানার প্রাণী যত্ন ও সংরক্ষণ মেডিসিন টিমের নিবিড় পর্যবেক্ষণের সুবিধার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে শাবকটির দাঁড়ানো, দুধ পান করা এবং চারপাশ চিনে নেওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন।
এই শাবকটির বাবা ‘সাবু’ সিনসিনাটি চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনে থাকে। এটি একটি জাতীয় চিড়িয়াখানা উদ্যোগের অংশ। এই উদ্যোগের লক্ষ্য চিড়িয়াখানার তত্ত্বাবধানে থাকা বিপন্ন ও হুমকির মুখে থাকা প্রজাতিগুলোর স্বাস্থ্যকর এবং জিনগতভাবে বৈচিত্র্যময় বংশবিস্তার নিশ্চিত করা।
সাম্প্রতিক সময়ে বন্য পরিবেশে এশিয়ান হাতির সংখ্যা নিয়ে কিছু আশার সঞ্চার হয়েছে। তবে আবাসস্থল ধ্বংস এবং জিনগত বৈচিত্র্য বজায় রাখার চ্যালেঞ্জের মতো কারণে এই প্রজাতি এখনো বিপন্ন হিসেবে বিবেচিত।
কলম্বাস চিড়িয়াখানার হাতির পালে মা হাতি ফোবির ২০২১ সালে জন্ম নেওয়া আরেকটি বাচ্চা ‘ফ্র্যাঙ্কি’ রয়েছে। এ ছাড়া এই পালে ২৩ বছর বয়সী একটি মাদী, ২৪ বছর বয়সী একটি পুরুষ হাতি এবং ১৬ বছর বয়সী ‘সানি’ ও তার চার মাস বয়সী শাবক ‘রিটা জিন’ রয়েছে। ‘রিটা জিন’-এর জন্ম হয় চলতি বছরের জুনে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন শাবকটিকে কবে থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, তার নামকরণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য শিগগিরই জানাবে।
/আবরার জাহিন


